আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৮ ফেব্রুয়ারী ৷৷ আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবার একদিনের রাজ্য সফরে এসে দুইটি জনসভায় অংশ নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন দুপুরে সোনামুড়ার রাঙ্গামাটিয়া স্কুল মাঠে এবং কৈলাশহরের আর কে আই ময়দানে ভাষন রাখেন তিনি। প্রধানমন্ত্রী তাঁর ভাষনে রাজ্যের ক্ষমতাসীন দলের তীব্র সমালোচনা করেন। প্রধানমন্ত্রী বলেন, যারাই প্রতিবাদ করে তাদের মধ্যে রাজ্য সরকার একটি ভয়ের পরিবেশ সৃষ্টি করে রেখেছে। কিন্তু ভয়ের কিছু নেই, যারা ভয় দেখাচ্ছে এই নির্বাচনের পর তারাই থাকবেনা। তিনি বলেন, এবার ত্রিপুরার নির্বাচনী যুদ্ধে একদিকে সরকার অন্যদিকে জনতা। আর জনতা যখন ময়দানে নামে তখন বড় বড় সরকারকে ছুঁড়ে ফেলে দিতে পারে। প্রধানমন্ত্রী আরও বলেন, ত্রিপুরা রাজ্যে বিজেপি এলে যে বিষয়গুলির উপর জোর দেবে তা হল বানিজ্য, পর্যটন এবং প্রশিক্ষণ। এর ফলে ত্রিপুরার যুব সমাজ নতুন স্বপ্ন ও লক্ষ্য খুঁজে পাবে। এদিন প্রধানমন্ত্রীর ভাষনে উঠে আসে রাজ্যের কর্মচারী বঞ্চনা থেকে শুরু করে রোজ ভ্যালী ইস্যু নিয়ে কথা। প্রধানমন্ত্রী বলেন, ‘চলো পাল্টাই’ – শুধু একটি শ্লোগান নয়, এবার যেন ভোট কেন্দ্রের ভোটিং মেশিন থেকেও আওয়াজ আসে ‘চলো পাল্টাই’।
