আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৫ জুলাই ৷৷ রাজ্যের সাংবাদিকরা যে সামাজিকভাবে দায়বদ্ধ তার আর একটা নিদর্শন দেখা গেল উদয়পুর প্রেস ক্লাবে। উদয়পুর প্রেস ক্লাবের ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে বুধাবার উদয়পুর রাজর্ষি হলে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই রক্তদান শিবিরের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। আয়োজিত এই অনুষ্ঠানে ত্রিপুরাকে স্বনির্ভর রাজ্য হিসেবে গড়ে তোলার আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী। সেই সাথে আগামী দিনে ত্রিপুরায় আইটি হাব, সাইবার সিটি গড়ে তোলার জন্যও ইতিবাচক ইঙ্গিত দিলেন।অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পরিবহণ ও কৃষি মন্ত্রী প্রণজিৎ সিংহরায়, উদয়পুর প্রেস ক্লাবের সহ-সম্পাদক দেবব্রত রুদ্রপাল, বিধায়ক বিপ্লব কুমার ঘোষ, বিধায়ক রতন ভৌমিক, গোমতী জেলার জেলা শাসক টি কে দেবনাথ, জেলা পুলিশ সুপার এ আর রেড্ডী, আগরতলা প্রেস ক্লাবের কনভেনর প্রণব সরকার, উদয়পুর প্রেস ক্লাবের সভাপতি অপুরাম সরকার প্রমুখ। এই রক্তদান শিবিরে মোট ৫৮ জন রক্তদান করেন। এর মধ্যে ১০ জন মহিলা।
