আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৯ ফেব্রুয়ারি ৷। রাজ্যের পূর্ত দপ্তরের আর্থিক দুর্নীতি মামলায় ধৃত প্রাক্তন মুখ্য সচিব যশপাল সিং-এর ট্রানজিট রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সম্প্রতি উত্তরপ্রদেশের গাজিয়াবাদ শহর থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। খবর পেয়ে রাজ্য পুলিশের ক্রাইম ব্রাঞ্চের ডেপুটি সুপার অজয় কুমার দাসের নেতৃত্বে একটি টিম উত্তরপ্রদেশ ছুটে যায়। সোমবার ধৃত রাজ্যের প্রাক্তন মুখ্য সচিব যশপাল সিংকে গাজিয়াবাদের কবিনগর থানার লকআপে রাখা হয়। মঙ্গলবার তাঁকে ট্রানজিট রিমান্ডের আবেদন জানিয়ে গাজিয়াবাদের জেলা ও দায়রা আদালতে সোপর্দ করা হয়। জানা যায়, আদালত ধৃত রাজ্যের প্রাক্তন মুখ্য সচিবের ট্রানজিট রিমান্ড মঞ্জুর করে।বুধবার সকালের বিমানে রাজ্যে নিয়ে আসা হয় ধৃত প্রাক্তন মুখ্য সচিব যশপাল সিংকে। এদিন রাজ্য পুলিশের ক্রাইম ব্রাঞ্চের ডেপুটি সুপার অজয় কুমার দাসের নেতৃত্বাধিন টিম ধৃত প্রাক্তন মুখ্যসচিবকে রাজ্যে নিয়ে আসে।
উল্লেখ্য, ২০০৮-০৯ অর্থবর্ষে পূর্তদপ্তরে আর্থিক দুর্নীতি মামলায় গত ১৩ই ফেব্রুয়ারি, ২০১৯ পশ্চিম আগরতলা থানায় মামলা দায়ের পর থেকেই পালিয়ে বেড়াচ্ছিলেন পূর্ত দপ্তরের তৎকালীন প্রধান সচিব তথা রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব যশপাল সিং। দীর্ঘ ১২৮ দিন তিনি পলাতক থাকার পর গ্রেপ্তার হয় সে।
