আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৯ ফেব্রুয়ারি ৷। সম্প্রতি শুরু হয় ৩৮তম আগরতলা বইমেলা। মেলা চলবে আগামী ৮ই মার্চ পর্যন্ত। এই প্রথম হাপানিয়াস্থিত আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে অনুষ্ঠিত হচ্ছে আগরতলা বইমেলা। আগরতলা শহর থেকে মেলা প্রাঙ্গণ শহরতলীতে হওয়ায় পাঠক ও সাধারন মানুষের যাতায়াতের সুবিধার কথা চিন্তা করে রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে ফ্রি-বাস পরিষেবা চালু করা হয়েছে। গত ২৬শে ফেব্রুয়ারি থেকে বইমেলার সাথে শুরু হওয়া এই ফ্রি-বাস পরিষেবা চলবে আগামী ৮ই মার্চ পর্যন্ত। রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গণ, নাগেরজলা স্ট্যান্ড, রাধানগর স্ট্যান্ড, চন্দ্রপুর আই এস বি টি সহ আরও একাধিক স্থান থেকে এই বাস পরিষেবা চালু করা হয়েছে। জানা যায়, ছুটির দিন ব্যতীত অন্যান্য দিন গুলিতে দুপুর ১টা থেকে রাত ৯টা ৩০ মিনিট পর্যন্ত এবং দুপুর ১টা থেকে রাত ১০টা পর্যন্ত এই বাস পরিষেবা চালু থাকবে। জানা যায়, ইতিমধ্যেই এই ফ্রি-বাস পরিষেবা পেয়ে খুশি পাঠক সহ সাধারন মানুষ।