খোয়াইতে বিরোধী প্রার্থী ও প্রস্তাবকদের ওপর হামলার প্রতিবাদে উত্তাল শহর: এসডিএম অফিসের পর এবার পুলিশ প্রশাসনের নিষ্ক্রিয়তার বিরুদ্ধে থানায় সিপিআই(এম)-এর তীব্র বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

গোপাল সিং, খোয়াই, ০৬ নভেম্বর || আসন্ন খোয়াই পুর পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক হিংসা ও সন্ত্রাসের প্রতিবাদে এবং পুলিশ প্রশাসনের নিষ্ক্রিয়তার বিরুদ্ধে আজ খোয়াই থানায় এক বিশাল বিক্ষোভ মিছিলসহ এসে স্মারকলিপি প্রদান করেছে সিপিআই(এম) খোয়াই মহকুমা কমিটি।খোয়াই থানার সামনে আয়োজিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন বিধায়ক নির্মল বিশ্বাস, ডিওয়াইএফআই রাজ্য নেতৃত্ব পলাশ ভৌমিক এবং সিপিআই(এম) মহকুমা নেতৃত্ব মনোজ দাস সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। খোয়াই থানায় জমা দেওয়া স্মারকলিপিতে মূলত ৫টি সুনির্দিষ্ট দাবি উত্থাপন করা হয়েছে—১. হিংসাত্মক ঘটনার নিরপেক্ষ তদন্ত ও কঠোর শাস্তি, ২. আক্রান্ত পরিবারগুলির পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা, ৩. সংবেদনশীল এলাকাগুলিতে পর্যাপ্ত পুলিশ ও টিএসআর বাহিনী মোতায়েন এবং ২৪ ঘণ্টা টহলের ব্যবস্থা করা, ৪. প্রার্থী ও প্রস্তাবকদের নিরাপদে নির্বাচনী কার্যাদি পরিচালনা এবং ৫. সাধারণ ভোটারদের ভয়ভীতিহীন পরিবেশে ভোটাধিকার প্রয়োগের নিশ্চয়তা। খোয়াই থানার ওসি প্রজিত মালাকারের নিকট এই স্মারকলিপি জমা দেওয়া হয়। অবিলম্বে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুশিয়ারি দিয়েছে বাম নেতৃত্ব।পুর নির্বাচনের প্রাক্কালে খোয়াই শহরে বিরোধী প্রার্থী ও তাঁদের প্রস্তাবকদের বাড়িঘরে হামলা এবং মারধরের ঘটনার প্রেক্ষাপটে থানা ঘেরাও করে এই ডেপুটেশন প্রদান রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য সৃষ্টি করেছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*