জাতীয় ডেস্ক, পশ্চিমবঙ্গ, ১৮ জানুয়ারি || প্রয়াত হলেন পদ্মশ্রী কার্টুনিস্ট নারায়ণ দেবনাথ। টানা ২৫ দিন ধরে হাসপাতালের বেডে শুয়ে লড়াই করেছেন ‘বাঁটুল দি গ্রেট’-এর স্রষ্টা। অবশেষে থামলো লড়াই। বাঙালি অনায়াসে আজও ছেলেবেলায় ফিরতে চাইলে চোখ বন্ধ করে ভরসা করে তাঁর তুলি-কলমকে। আজ তিনি না-ফেরার দেশে। মন ভেঙেছে আপামর বাঙালির, কার্টুনিস্ট নারায়ণ দেবনাথের মৃত্যুতে শোকস্তব্ধ শিল্পী জগৎ।
মৃত্যুকালে উনার বয়স হয়েছিল ৯৭ বছর। বাঁটুল দি গ্রেট, হাঁদা ভোঁদা, নন্টে ফন্টে, বাহাদুর বেড়াল প্রভৃতি চরিত্রের স্রষ্টা নারায়ণ দেবনাথ সব বয়সের পাঠকের মনে চিরস্থায়ী আসন লাভ করেছেন। পশ্চিমবঙ্গ সরকার তাঁকে ২০১৩ সালে ‘বঙ্গবিভূষণ’ সম্মান প্রদান করে। রাষ্ট্রপতি পুরস্কার, পদ্মশ্রী সম্মান, সাহিত্য অকাদেমি পুরস্কার ছাড়াও তিনি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ডি লিট ডিগ্রি পান। তাঁর প্রয়াণে কমিকস্ শিল্প জগতের এক অপূরণীয় ক্ষতি হল।
মঙ্গলবার প্রবীণ শিল্পীকে হারিয়ে পশ্চিম বঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানান, ‘আমি শোকস্তব্ধ প্রবীণ কার্টুনিস্ট নারায়ণ দেবনাথের মৃত্যুতে। ওঁনার চলে যাওয়াটা কার্টুনের জগতে একটা অপূরণীয় শূন্যতা তৈরি করল’।
