আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৮ জানুয়ারি || রাজ্যের প্রথমশ্রেণীর দৈনিক সংবাদপত্র এর মধ্যে একটি হলো স্যন্দন পত্রিকা। গত ৪০ বছর ধরে রাজ্যের বুকে নির্ভীকতার পরিচয় দিয়ে আসছে এই সংবাদপত্রটি।
সংবাদপত্রের পাশাপাশি ‘স্যন্দন পত্রিকা’ এবার ‘স্যন্দন টিভি’তে। সোমবার রাজধানীর ভোলাগিরি স্থিত স্যন্দন ভবনে রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব প্রদীপ প্রজ্জ্বলন করে ‘স্যন্দন টিভি’র শুভ উদ্বোধন করেন। এদিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের তথ্য সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরী, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, আগরতলা প্রেস ক্লাবের সম্পাদক প্রণব সরকার, স্যন্দন পত্রিকার সম্পাদক তথা আগরতলা প্রেস ক্লাবের সভাপতি সুবল কুমার দে সহ অন্যান্য বিশিষ্ট সংবাদ ব্যক্তিত্ব।
এদিন মুখ্যমন্ত্রী বলেন, একটি রাজ্যকে এগিয়ে নিয়ে যেতে সংবাদ মাধ্যম, আইনি মাধ্যম, প্রশাসনিক মাধ্যম এবং পুলিশি ব্যবস্থা যখন একসাথে কাজ করে তখন রাজ্যের আমূল পরিবর্তন হয়। মুখ্যমন্ত্রীর কাছ থেকে জনতা যেমন গুণগত কাজ চান, তেমনি তিনি রাজ্যে কোয়ালিটি অফ জার্নালিস্ট চান বলে জানান তিনি।
