আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৬ মে || গঠিত হলো ত্রিপুরার পূর্ণাঙ্গ মন্ত্রিসভা। সোমবার সকালে রাজভবনে শপথ নিলেন নতুন মন্ত্রিসভার ১১ জন সদস্য। নতুন মন্ত্রীসভায় নতুন মুখ দু’জন। তারা হলেন বিজেপি বিধায়ক রামপদ জমাতিয়া এবং আইপিএফটি বিধায়ক প্রেমকুমার রিয়াং। তবে মন্ত্রিসভা থেকে বাদ পড়েছেন মন্ত্রী মেবার কুমার জমাতিয়া।
সোমবার নবগঠিত মন্ত্রিসভার সদস্যরা তিনটি ভাষায় শপথ নিয়েছেন। রামপদ জমাতিয়া হিন্দিতে, সুশান্ত চৌধুরী ইংরেজিতে এবং বাকিরা সকলেই বাংলায় শপথবাক্য পাঠ করেছেন। তাদের সকলেই শপথবাক্য পাঠ করান ত্রিপুরা রাজ্যপাল সত্যদেও নারায়ণ আর্য। শপথ গ্রহণ শেষে রাজ্যপালের সাথে ত্রিপুরার পূর্ণাঙ্গ মন্ত্রিসভার সদস্য ছবি তুলেন।
উল্লেখ্য, রবিবার ত্রিপুরার নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ডাঃ মানিক সাহা।
এবারকার মন্ত্রিসভার ১১ সদস্যের তালিকায় রয়েছেন উপ-মুখ্যমন্ত্রী যীষ্ণু দেব বর্মণ, নরেন্দ্র চন্দ্র দেববর্মা, রতনলাল নাথ, প্রণজিত সিংহ রায়, মনোজ কান্তি দেব রায়, সান্ত্বনা চাকমা, রামপ্রসাদ পাল, ভগবান দাস, সুশান্ত চৌধুরী, রামপদ জমাতিয়া এবং প্রেমকুমার রিয়াং। তাতে, বিজেপি থেকে মন্ত্রিসভায় রয়েছেন ১০ জন এবং শরিক দল আইপিএফটি থেকে রয়েছেন দু’জন।
