নতুন মন্ত্রীসভার বৈঠকে দিব্যাঙ্গনদের উন্নয়ন, আই টি সহ  হেলথ পলিসির সিদ্ধান্ত – সাংবাদিক সম্মেলনে তথ্যমন্ত্রী

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৬ মে || সোমবার রাজভবনে পূর্ণাঙ্গ মন্ত্রীসভার শপথগ্রহণের পর মন্ত্রীসভার সকল সদস্যদের নিয়ে এক বৈঠক করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। এই বৈঠকে রাজ্যের দিব্যাঙ্গনদের উন্নয়ন, আই টি পলিসি, আদিম জাতি উন্নয়নের জন্য প্রকল্প, স্টেট হেলথ পলিসি আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সোমবার মহাকরণের আয়োজিত এক সাংবাদিক সম্মেলন করে একথা জানান রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী।
এদিন তিনি বলেন, যারা শারীরিকভাবে দুর্বল তাদের জন্য সরকার বড় কিছু করতে চাইছে। তাদের আগামী দিনে চাকুরী ক্ষেত্রে সংরক্ষণ ব্যবস্থা করা সহ সামাজিক এবং অর্থনৈতিক ভাবে তাদের উন্নয়ন করার দিকে বিশেষ গুরুত্ব দিয়ে আলোচনা হয়। আগামী কিছুদিনের মধ্যে তাদের জন্য সরকার প্রকল্পের ঘোষণা করা হবে। পাশাপাশি অফিস আদালতে গেলে যাতে তাদের কোনো রকম সমস্যার সম্মুখীন হতে না হয় তার জন্য ব্যবস্থাপনা গড়ে তোলা হবে বলে জানান তথ্যমন্ত্রী।

সাংবাদিক সম্মেলনে শ্রী চৌধুরী জানান, আদিম জাতি প্রতিনিধি হিসেবে প্রেম কুমার রিয়াংকে অন্তর্ভুক্ত করা হয়েছে। রাজ্যের রিয়াং রয়েছে ১ লক্ষ ৮৫ হাজার। তারা বর্তমানে পশ্চিম জেলা এবং সিপাহীজলা জায়গা ছাড়া বাকি ৬টি জেলায় বসবাস করছে। তাদের আর্থিক এবং সামাজিক উন্নয়নের জন্য সরকার বিভিন্ন প্রকল্প আনার সিদ্ধান্ত নিয়েছে। এই বিষয়গুলি আগামী মন্ত্রিসভার বৈঠকে আনা হবে বলে জানান তিনি।
রাজ্য স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজাতে স্টেট হেলথ পলিসি আনা হবে বলে জানান তিনি। আগামী দুমাসের মধ্যে হেলথ পলিসি হবে বলে জানান তথ্যমন্ত্রী। রাজ্যের বেকারদের কর্মসংস্থান এবং উন্নয়নের জন্য আইসিটি পলিসি করা হবে। এটি আই টি সেক্টর ছেলেমেয়েদের জন্য আই টি ফ্রেন্ডলি পলিসি হবে বলে জানান তথ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*