আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৫ আগস্ট || গোটা দেশের সঙ্গে রাজ্যেও নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করা হয়েছে ৭৬’তম স্বাধীনতা দিবস। রাজ্যে স্বাধীনতা দিবস পালনের মূল অনুষ্ঠান আয়োজিত হয় আগরতলার আসাম রাইফেলস ময়দানে। স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আসাম রাইফেলস ময়দানকে নান্দনিক সৌন্দর্য্যে সজ্জিত করে তোলা হয়। সেখানে সকালে জাতীয় পতাকা উত্তোলন করে স্বাধীনতা দিবসের মূল অনুষ্ঠনের সূচনা করেন রাজ্যের মূখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। তারপরই বিউগলের সুরে বেজে উঠে ‘জন গণ মন অধিনায়ক জয় হে’-র সুর।
আসাম রাইফেলস ময়দানে প্রথাগত কুচকাওয়াজের অভিভাদন গ্রহন করেন মূখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। সুসজ্জিত ও ছন্দোবদ্ধ প্যারেডের সালামী গ্রহন করেন মূখ্যমন্ত্রী। প্যারেডের তালে তালে ছন্দায়িত হয়েছে আসাম রাইফেলস ময়দানে উপস্থিত স্বাধীনতাকামী উৎসাহী জনতার। প্রধান অতিথির ভাষণে রাজ্যের মূখ্যমন্ত্রী রাজ্যের সামাজিক, স্বাস্থ্য ও শিক্ষার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
এদিন মুখ্যমন্ত্রী বলেন, এই বছর আমরা ‘আজাদি কা অমৃত মহোৎসব’ উদযাপন করছি। এই উৎসব আমাদের মধ্যে স্বাধীনতার অমৃত রস, স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগ, নতুন ধারণা ও অঙ্গীকারের অমৃত রস ছড়িয়ে আত্মনির্ভরতায় উদ্বুদ্ধ করবে। তিনি বলেন, আজাদি কা অমৃত মহোৎসবের অঙ্গ হিসেবে স্বাধীনতার ৭৫’তম বর্ষপূর্তিকে স্মরণ করে দেশের প্রত্যেক নাগরিকদের জাতীয়তাবোধ ও রাষ্ট্রবাদী চেতনায় উদ্বুদ্ধ করতে প্রতিটি বাড়িতে জাতীয় পতাকা উত্তোলনের জন্য ‘হর ঘর তিরঙ্গা’ অভিযান সংঘটিত করা হয়েছে।
মুখ্যমন্ত্রী বলেন, আমি এই মহান সমারোহে আমাদের সশস্ত্র বাহিনীর বীর জওয়ান এবং রাজ্য ও কেন্দ্রীয় সরকারের নিরাপত্তা বাহিনীর সকল সদস্যদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি যারা আমাদের স্থল, বায়ু ও সমুদ্র সীমানায় দেশের নিরাপত্তার কাজে নিয়োজিত রয়েছেন।
তিনি বলেন, রাজ্য সরকারের অগ্রাধিকারের ক্ষেত্রসমূহের মধ্যে রয়েছে সার্বিক অর্থনৈতিক উন্নয়ন, যেখানে প্রত্যেক বাড়িতে আয়ের উৎস সৃষ্টি করে প্রত্যেককে নিজস্ব পরিচয়ে আত্মনির্ভর করে তোলা।
