আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৫ আগস্ট || সোমবার উত্তর মজলিসপুরে ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচিতে অংশ নেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা এবং তথ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী। এই কর্মসূচিতে যোগ দিয়ে মজলিসপুরের ‘তিরঙ্গা গ্রাম’ পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী এবং তথ্যমন্ত্রী। স্থানীয় রবি শীল ও ঝুটন সূত্রধরের বাড়িতে যান তারা। সেখানে দেয়ালে আঁকা চিত্রপট পরিদর্শন করেন তারা। মুখ্যমন্ত্রী বলেন, ‘আজাদীকা অমৃত মহোৎসব’ উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেভাবে ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানের ডাক দিয়েছেন। তাকে সফল করতে গ্রামের ঘরে ঘরের দেয়ালে স্বাধীনতা সংগ্রামের বীর গাঁথাকে অবলম্বন করে চিত্র অঙ্কনের মাধ্যমে সাজিয়ে তোলা যায়, তা নিজের চোখকে না দেখলে বোঝা যায় না। তিনি বলেন, স্থানীয় রবি শীল ও ঝুটন সূত্রধরের বাড়িতে স্বাধীনতার সংগ্রামীদের ছবিসহ যে দেয়াল চিত্র দেখলাম তাতে আমি অভিভূত। আমি জেনে খুশি হলাম, এই গ্রামের আইসিডিএস সেন্টার সহ আরো বেশ কয়েকটি বাড়িতে ‘আজাদীকা অমৃত মহোৎসব’ উপলক্ষে এরকম দেয়াল চিত্র তৈরি করা হয়েছে।
