আপডেট প্রতিনিধি, আগরতলা, ১২ জুলাই || সকাল-সকাল উদয়পুর মাতাবাড়ির কল্যাণ সাগরে উদ্ধার হলো নর মুন্ডুর কঙ্কাল। ৫১ শক্তিপীঠের অন্যতম পীঠস্থান মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরের দীঘিতে মানুষের একটি খুলি উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বুধবার সকালে প্রাতঃভ্রমণকারীরা কল্যাণসাগর দীঘিতে ভাসমান একটি মাথার খুলি দেখেন। সঙ্গে সঙ্গে তাঁরা মন্দিরের প্রধান পুরোহিত চন্দন চক্রবর্তী, মন্দির ট্রাস্টের ম্যানেজার এবং মাতাবাড়ি পঞ্চায়েতের প্রধান মণ্টুচন্দ্র দাসকে খবর দেন। খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে ছুটে গিয়ে জলে ভাসমান মাথার খুলি বলে নিশ্চিত হলে মন্দির কর্তৃপক্ষ তড়িঘড়ি রাধাকিশোরপুর থানায় খবর পাঠান। পুলিশের প্রাথমিক ধারণা, মাথার খুলিটি অন্য কোনও জায়গা থেকে এনে কল্যাণসাগর দীঘিতে ফেলে দেওয়া হয়েছে। এ ঘটনার সাথে জড়িত অভিযুক্তদের শনাক্ত করা যায়নি, তবে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
মাতাবাড়ি মন্দিরের প্রধান পুরোহিত চন্দন চক্রবর্তী বলেন, কল্যাণসাগর দীঘির জলকে শুদ্ধিকরণ করা হবে।
