আগরতলা–করিমগঞ্জ মেমু ট্রেনের শুভ সূচনা, ত্রিপুরার রেল যোগাযোগে যুক্ত হলো নতুন অধ্যায়

আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৪ জুলাই || ত্রিপুরার রেল যোগাযোগ ব্যবস্থায় যুক্ত হলো এক নতুন মাইলফলক। অত্যাধুনিক আগরতলা–করিমগঞ্জ–আগরতলা মেমু (Mainline Electric Multiple Unit – MEMU) ট্রেন পরিষেবার আনুষ্ঠানিক সূচনার মাধ্যমে উত্তর-পূর্বাঞ্চলের রেল যোগাযোগে আরও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হলো।
শনিবার রাজধানী আগরতলার বাধারঘাট রেলস্টেশনে আয়োজিত এক অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য-সহ অন্যান্য বিশিষ্ট অতিথিদের উপস্থিতিতে সবুজ পতাকা নাড়িয়ে নতুন মেমু ট্রেন পরিষেবার শুভ উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে রাজ্যের পরিবহনমন্ত্রী সুশান্ত চৌধুরী করিমগঞ্জগামী ট্রেনটিকে আনুষ্ঠানিকভাবে ফ্ল্যাগ-অফ করেন।
অনুষ্ঠানে পরিবহনমন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, সময়ের সঙ্গে তাল মিলিয়ে যাত্রীদের দ্রুত, নিরাপদ ও আরামদায়ক যাতায়াত নিশ্চিত করার লক্ষ্যেই এই অত্যাধুনিক মেমু ট্রেন পরিষেবা চালু করা হয়েছে। প্রতিদিন হাজারো যাত্রীর ভ্রমণকে আরও সহজ, স্বাচ্ছন্দ্যময় ও সময়সাশ্রয়ী করে তুলবে এই ট্রেন। তিনি বলেন, “যাত্রীদের মুখে হাসি ফোটানোই আমাদের মূল লক্ষ্য।”
এছাড়াও এই গুরুত্বপূর্ণ পরিষেবা উপহার দেওয়ার জন্য দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা এবং কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব-এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন পরিবহনমন্ত্রী।
এদিকে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উত্তর-পূর্বাঞ্চলে শক্তিশালী রেল যোগাযোগ গড়ে তোলার দূরদর্শী পরিকল্পনার অংশ হিসেবেই ত্রিপুরার রেল মানচিত্রে এই নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। তিনি জানান, উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলির মধ্যে ত্রিপুরাতেই প্রথম মেমু (ইলেকট্রিক) ট্রেন পরিষেবা চালু হলো, যা রাজ্যের জন্য অত্যন্ত গর্বের বিষয়।
মুখ্যমন্ত্রী আরও বলেন, এই নতুন ট্রেন পরিষেবা শুধু যাত্রীদের আরামদায়ক ও নিরাপদ যাত্রাই নিশ্চিত করবে না, বরং ত্রিপুরা ও প্রতিবেশী রাজ্যগুলির মধ্যে আঞ্চলিক রেল যোগাযোগকে আরও শক্তিশালী করবে। এর ফলে ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, চিকিৎসা ও পর্যটনের ক্ষেত্রেও নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
নতুন মেমু ট্রেন পরিষেবা চালুর মধ্য দিয়ে ত্রিপুরার পরিবহন ব্যবস্থায় এক নতুন যুগের সূচনা হলো বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল। উন্নত রেল সংযোগের মাধ্যমে রাজ্যের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন আরও গতিশীল হবে বলেও আশা প্রকাশ করা হয়েছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*