আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৪ জুলাই || মাত্র ২২ মাসের শিশু রোদ্রিক সরকারের জীবন এখন এক কঠিন সংগ্রামের মধ্যে দিয়ে যাচ্ছে। যে বয়সে তার হাসি-খেলা আর দুষ্টুমিতে মেতে থাকার কথা, সেই বয়সেই গুরুতর লিভারের রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সঙ্গে লড়ছে অনঙ্গনগর বৈস্য পাড়ার এই ছোট্ট শিশু।
শ্রমজীবী রাজু সরকারের একমাত্র ছেলে রোদ্রিকের উন্নত চিকিৎসার জন্য প্রয়োজন বিপুল অর্থ। কিন্তু সীমিত আয়ের এই পরিবারের পক্ষে সেই ব্যয় বহন করা সম্ভব নয়। তাই সন্তানের জীবন বাঁচাতে সমাজের সর্বস্তরের মানুষের কাছে সহযোগিতার আবেদন জানিয়েছেন অসহায় বাবা-মা।
পরিবারের এই আবেদন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই বহু সহৃদয় ব্যক্তি ও বিভিন্ন সামাজিক সংগঠন সাহায্যের হাত বাড়িয়ে দিতে শুরু করেছেন। সেই মানবিক উদ্যোগের অংশ হিসেবে শনিবার রোদ্রিকের বাড়িতে পৌঁছায় ত্রিপুরা ক্ষুদ্র পণ্যবাহী যানচালক সংঘের উষা বাজার শাখার সদস্যরা। তারা শিশুটির শারীরিক অবস্থার খোঁজখবর নেওয়ার পাশাপাশি পরিবারের হাতে আর্থিক সহায়তাও তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন সংঘের উষা বাজার শাখার সভাপতি গৌতম দেবনাথ, সমাজসেবক দীনেশ সরকার, সমাজসেবক অমল ঘোষসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
সংঘের সভাপতি গৌতম দেবনাথ বলেন, একটি শিশুর জীবন বাঁচাতে সমাজের প্রতিটি মানুষের এগিয়ে আসা উচিত। তিনি রাজ্যের সকলের প্রতি সামর্থ্য অনুযায়ী রোদ্রিকের চিকিৎসায় সহযোগিতার আহ্বান জানান এবং ভবিষ্যতেও অসহায় পরিবারটির পাশে থাকার আশ্বাস দেন।
সমাজসেবক দীনেশ সরকারও সকলকে মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে শিশুটির চিকিৎসায় এগিয়ে আসার আবেদন জানান।
রোদ্রিকের জীবনযুদ্ধ এখন মানবতার পরীক্ষাও বটে। একটি ছোট্ট প্রাণকে সুস্থ জীবনে ফিরিয়ে আনতে প্রতিটি সহযোগিতাই হতে পারে নতুন আশার আলো। সমাজের সম্মিলিত উদ্যোগ ও মানুষের ভালোবাসাই পারে রোদ্রিককে আবারও সুস্থ করে মায়ের কোলে হাসিমুখে ফিরিয়ে দিতে।
