ভূয়ো পিআরটিসি’র বিরুদ্ধে ছাত্র নেতা সম্রাট রায়ের আন্দোলন জারী রয়েছে। শনিবার সম্রাট রায়ের নেতৃত্বে একটি প্রতিনিধি দল পশ্চিম থানায় এই ইস্যুতে ডেপুটেশান প্রদান করে। পশ্চিম থানার ওসির কাছে ডেপুটেশান প্রদান করে ভুয়ো পিআরটিসি’র বিরুদ্ধে অভিযান চালানোর দাবী জানায়। বহিরাগত যারা টাকার বিনিময়ে ভুয়ো পিআরটিসি ক্রয় করেছে তাদের চিহ্নিত করে অবিলম্বে গ্রেপ্তার করার দাবী জানায় ছাত্র নেতা সম্রাট রায়।
উল্লেখ্য, এই ইস্যুতে সম্রাট রায়ের ধারাবাহিক আন্দোলন ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে আলোড়ন সৃষ্টি করেছে। যদিও অন্য কোন রাজনৈতিক দলের ছাত্র সংগঠন থেকে এই ইস্যুতে কিন্তু নীরব ভূমিকা পালন করতে দেখা যাচ্ছে বলে অভিযোগ করেন ছাত্রনেতা সম্রাট রায়। পশ্চিম থানায় ভুয়ো পিআরটিসি’র বিরুদ্ধে মামলা দায়ের করে ছাত্র নেতা সম্রাট রায় সংবাদ মাধ্যমকে জানায়, যতদিন পর্যন্ত ঘটনার সুষ্ঠ তদন্ত না হবে ততদিন তার আন্দোলন জারী থাকবে। ইতিমধ্যেই উত্তর প্রদেশ, বিহার ও পশ্চিম বঙ্গ সহ দেশের অন্যান্য রাজ্য থেকে প্রচুর বেকার ত্রিপুরায় এসে টাকার বিনিময়ে ভুয়ো পিআরটিসি ক্রয় করেছে। রাজ্যের কোটায় থাকা বিভিন্ন পদে ইন্টারভিউ দেওয়ার জন্য। তাতে বঞ্চিত হচ্ছে রাজ্যের বেকার যুবক যুবতীরা। ভুয়ো পিআরটিসি’র ছড়াছড়ি আগরতলা সহ গোটা রাজ্যেই। টাকার বিনিময়ে একটি চক্র সক্রিয় হয়ে উঠেছে। পুলিশ যদি অবিলম্বে এই চক্রের বিরুদ্ধে অভিযান না চালায় তাহলে আগামী দিনে রাজ্যের আরো বড় বিপদ হতে পারে। তাই সম্রাটের শ্লোগান বহিরাগত হটাও, দেশ বাঁচাও।
