আপডেট প্রতিনিধি, সাব্রুম, ০১ জুলাই || কৃষকদের উৎপাদনশীলতা বৃদ্ধি এবং আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহারকে আরও উৎসাহিত করতে দক্ষিণ ত্রিপুরা জেলায় ৮৪টি মিনি পাওয়ার টিলার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিলোনিয়া এগ্রিকালচার অফিসে কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের উদ্যোগে এবং দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের সহযোগিতায় ঋষ্যমুখ আর.ডি. ব্লকের কৃষকদের হাতে এই কৃষিযন্ত্র তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত। এছাড়াও উপস্থিত ছিলেন ঋষ্যমুখ পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শম্ভু নাথ কর, ভাইস চেয়ারম্যান বিশ্বজিৎ মিত্র, বিশিষ্ট সমাজসেবী নকুল পাল-সহ অন্যান্য জনপ্রতিনিধি ও বিপুল সংখ্যক কৃষক।
অনুষ্ঠানে কৃষকদের হাতে আধুনিক কৃষি যন্ত্রপাতি তুলে দিয়ে সভাধিপতি দীপক দত্ত বলেন, কৃষকদের ক্ষমতায়ন, উৎপাদন বৃদ্ধি এবং আত্মনির্ভর করে তোলাই সরকারের অন্যতম প্রধান লক্ষ্য। আধুনিক কৃষি প্রযুক্তির প্রসারের মাধ্যমে কৃষকদের শ্রম ও সময় সাশ্রয় হবে, পাশাপাশি উৎপাদনও বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি আরও বলেন, কৃষির সামগ্রিক উন্নয়নের মধ্য দিয়েই সমৃদ্ধ দক্ষিণ ত্রিপুরা এবং আত্মনির্ভর ত্রিপুরা গড়ে তোলা সম্ভব। অনুষ্ঠান শেষে তিনি সকল উপভোক্তা কৃষককে শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং ভবিষ্যতেও কৃষকদের কল্যাণে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন।
