স্ক্রু-ড্রাইভার দিয়ে নৃশংস হামলা: গ্রেফতার অভিযুক্ত, নগদ টাকা ও স্বর্ণের চেইন লুটের অভিযোগ

গোপল সিং, খোয়াই, ০১ জুলাই || পূর্ব শত্রুতার জেরে খোয়াই শহরের বুকে ঘটে গেল এক হাড়হিম করা রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা। এক ব্যক্তিকে লক্ষ্য করে সূঁচালো স্ক্রু-ড্রাইভার দিয়ে এলোপাথাড়ি আঘাত করার অভিযোগ উঠল অপর এক ব্যক্তির বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে খোয়াই সুভাষপার্কের ব্যস্ততম টিকেডিকে রোড এলাকায় তীব্র আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনার খবর পেয়ে খোয়াই থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ সূত্রে জানা গেছে, এই ঘটনায় গুরুতর আহত ব্যক্তির নাম সমীর গোপ (৪৫) এবং অভিযুক্ত ব্যক্তির নাম উত্তম ঘোষ। তাঁরা দু’জনেই খোয়াই বিমানবন্দর এলাকার বাসিন্দা। বর্তমানে আহত সমীর গোপ খোয়াই জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
খোয়াই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (OC) কৃষ্ণধন সরকার সংবাদমাধ্যমকে জানিয়েছেন, সমীর গোপের মাথা ফেটে গেছে এবং স্ক্রু-ড্রাইভারের আঘাতে চোখের ওপরেও গভীর আঘাত লেগেছে। আহত সমীর বাবুর অভিযোগের ভিত্তিতে পুলিশ দ্রুত পদক্ষেপ গ্রহণ করে অভিযুক্ত উত্তম ঘোষকে গ্রেফতার করেছে।
জানা গেছে, আহত সমীর গোপ হাসপাতালের শয্যায় শুয়ে তিনি অভিযোগ করেন, হামলার সময় তাঁর কাছে নগদ টাকা ছিল। উত্তম ঘোষ তাঁর ওপর অতর্কিত আক্রমণ চালিয়ে সেই টাকা লুট করার পাশাপাশি তাঁর গলায় থাকা স্বর্ণের চেইনটিও ছিনতাই করে নিয়ে গেছে।
তবে ছিনতাই ও হামলার অভিযোগ অস্বীকার করে ধৃত উত্তম ঘোষের পাল্টা দাবি—সমীর গোপই প্রথমে তাঁর সাথে তীব্র বচসায় জড়িয়ে পড়েন এবং তাঁকে প্রথম আঘাত করেন। নিজেকে বাঁচাতে গিয়েই তিনি পাল্টা আঘাত করতে বাধ্য হন।
ঘটনার পরিপ্রেক্ষিতে খোয়াই থানায় একটি সুনির্দিষ্ট মামলা দায়ের করা হয়েছে। ওসি কৃষ্ণধন সরকার জানান, এই ঘটনার তদন্তভার পুলিশ নিজের হাতে নিয়েছে। ধৃত উত্তম ঘোষের বিরুদ্ধে খোয়াই থানায় ৩০ নম্বর মামলা রুজু করে ভারতীয় ন্যায় সংহিতার ১৩৭, ১১৭, ৩০৪ এবং ২৯২ ধারায় মামলা লিপিবদ্ধ করা হয়েছে। শহরের অন্যতম ব্যস্ততম টিকেডিকে রোডে এই ধরণের হিংসাত্মক ও রক্তক্ষয়ী হামলার ঘটনায় সাধারণ ব্যবসায়ী ও পথচারীদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*