আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৭ মার্চ || ফাল্গুন মাসের চতুর্দশী তিথি মহাশিবরাত্রি হিসেবে পালন করা হয়। মহাশিবরাত্রি হল সেই মহারাত্রি যা শিব উপাসনার সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত। এই উৎসব শিবের দৈব অবতারের একটি শুভ উৎসব। নিরাকার থেকে আকারে তাঁর অবতারের রাতকে বলা হয় মহাশিবরাত্রি। তিনি আমাদেরকে কাম, ক্রোধ, লোভ, আসক্তি, হিংসা ইত্যাদি থেকে মুক্ত করেন এবং পরম সুখ, শান্তি ও ঐশ্বর্য দান করেন।ভগবান শিব প্রথম ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে শিবলিঙ্গ রূপে আবির্ভূত হন। এই কারণে, এই তারিখটি প্রতি বছর মহাশিব রাত্রি হিসাবে পালন করা হয় ভগবান শিবের জ্যোতির্লিঙ্গের প্রকাশ হিসাবে। এই বছর শিব চতুর্দশী লগ্ন লাগবে ৮ই মার্চ তথা শুক্রবার রাত ৮টার পরে লাগবে এবং ছাড়বে শনিবার সন্ধ্যা ৫টা ৪৩ মিনিটে। অর্থাৎ শুক্রবারেও উপবাস করা যাবে এবং শনিবারেও করা যাবে উপবাস, এমনটাই জানিয়েছেন আগরতলা শিববাড়ির পুরোহিত।
এই শিব চতুর্দশীকে ঘিরে আগরতলা শিববাড়িতে প্রতিবছর অনুষ্ঠিত হয় মেলা। এবারও এই মেলার প্রস্তুতিও চলছে। দোকানীরাও আশাবাদী ভালই হবে বেচাকেনা। তবে এই বছর নাকি কোন মেলাতেই ভিড় অনুযায়ী বিক্রি ভালো হয়নি এমনটাই জানালেন এক বিক্রেতা।
