খেলাধুলা ডেস্ক, দিল্লী, ০৪ জুলাই || টি-২০ বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশে ফিরল ভারতীয় ক্রিকেট দল। বৃহস্পতিবার সকাল ৬টার একটু পরেই ট্রফি নিয়ে দিল্লী বিমানবন্দর থেকে বেরিয়ে আসে টিম ইন্ডিয়ার সদস্যরা। বিরাট, রোহিত সহ টিম ইন্ডিয়ার ক্রিকেটারদের স্বাগত জানাতে রাত তিনটে থেকে দিল্লী বিমানবন্দরে ভিড় জমায় ক্রিকেট প্রেমীরা।
রাত-ভোর অপেক্ষার অবসানের পর সকাল হওয়ার কিছুক্ষণের মধ্যেই এল সেই মাহেন্দ্রক্ষণ। সকাল ৬টার একটু পরেই দিল্লী বিমানবন্দরে অবতরণ করে রোহিত শর্মাদের বিশেষ বিমান এআইসি-২৪-ডব্লিউ সি। বুধবার বার্বাডোজ থেকে ভারতীয় ক্রিকেটার সাপোর্ট স্টাফদের নিয়ে যাত্রা করেছিল এই বিমানটি।
এদিন দেশে ফিরে দিল্লীর আইটিসি মৌর্য হোটেলে বিশ্রাম নিয়ে তাঁরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করতে যান। সেখানে তাঁদের প্রাতরাশে অংশ নেন।
এদিন বিশেষ শোভাযাত্রার পর ওয়াংখেড়ে স্টেডিয়ামে সম্বর্ধনা দেওয়া হয় ভারতীয় ক্রিকেট দলকে। তুলে দেওয়া হয় ১২৫ কোটি টাকার বিরাট পুরস্কারমূল্য।
