ভিলেজ কাউন্সিল নির্বাচনকে কেন্দ্র করে রণক্ষেত্র উদয়পুরের মহারানী, গুলিবিদ্ধ তিপ্রামথা প্রার্থী খচিন্দ্র রিয়াং, সনাক্ত হয়েছে গাড়ীর নম্বর, পুনরায় ভোট গ্রহণের দাবি মথার

গোপাল সিং, খোয়াই, ২৮ সেপ্টেম্বর || রাজ্যে বহুল প্রতীক্ষিত এডিসি ভিলেজ কমিটি নির্বাচনের শান্তিময় পরিবেশ মুহূর্তের মধ্যে রক্তক্ষয়ী সংঘাত ও আতঙ্কে পরিণত হলো গোমতী জেলার উদয়পুরে। মহকুমার মহারানী আউট পোস্ট এলাকার ওয়ার্যাঙবাড়ি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ চলাকালীন তিপ্রামথা পার্টির এক প্রার্থীকে লক্ষ্য করে সশরীরে গুলি চালানোর মতো মারাত্মক অভিযোগ উঠলো। গুলিবর্ষণের ঘটনায় তীব্র চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি হয়েছে গোটা উদয়পুর মহকুমাজুড়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত বা আহত প্রার্থীর নাম খচিন্দ্র রিয়াং (৩৬)। তিনি ওয়ার্যাঙবাড়ি এলাকা থেকে তিপ্রামথা পার্টির পক্ষে ভিলেজ কাউন্সিল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। অভিযোগ, ভোটগ্রহণ কেন্দ্র সংলগ্ন স্থানে ভোট চলাকালীন আচমকা তাঁকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে দুষ্কৃতীরা। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন তিনি। সঙ্গে সঙ্গে তাঁকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে উদয়পুর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানে চিকিৎসকদের নিবিড় নজরদারিতে তাঁর জরুরি চিকিৎসা চলছে। এদিকে যে গাড়ীতে করে দুস্কৃতীকারীরা এসেছিল সেই গাড়ীর নম্বর মথা কর্মীরা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের কাছে তুলে দিয়েছেন। পাশাপাশি এই আসনে পুনরায় ভোটগ্রহণের দাবি জানিয়েছেন মথা নেতৃত্বরা।
প্রার্থীর ওপর সশস্ত্র হামলার খবর ছড়িয়ে পড়তেই মুহূর্তের মধ্যে ক্ষোভে ফেটে পড়েন তিপ্রামথা কর্মী-সমর্থক ও স্থানীয় বাসিন্দারা। উত্তপ্ত পরিস্থিতির কারণে স্তব্ধ হয়ে যায় সমগ্র এলাকা। ক্ষুব্ধ সমর্থকেরা ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে উদয়পুর-অমরপুর প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভে বসেন। ফলে রাস্তার দুই প্রান্তে অসংখ্য গাড়ি আটকা পড়ে সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। ঘটনার চরম গুরুত্ব বিবেচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় গোমতী জেলা পুলিশ সুপার, মহকুমা পুলিশ আধিকারিক সহ বিশাল পুলিশ ও কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর দল। হিংসা ছড়ানো বন্ধ করতে এবং সাধারণ মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করতে সমগ্র মহারানী ও ওয়ার্যাঙবাড়ি এলাকায় ফ্ল্যাগ মার্চ শুরু করেছে পুলিশ। নির্বাচনের দিন এমন আশঙ্কাজনক ও সহিংস হামলার ঘটনায় সমগ্র গোমতী জেলা জুড়ে তীব্র রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে। হামলার পেছনে কারা জড়িত, তা খতিয়ে দেখতে কড়া তদন্ত শুরু করেছে উদয়পুর থানার পুলিশ।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*