গোপাল সিং, খোয়াই, ২৮ সেপ্টেম্বর || আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে কেন্দ্র করে যেখানে বিরোধীরা অনিয়মের অভিযোগ তোলার চেষ্টা করছে, ঠিক তখনই পাল্টা খোয়াই জেলার রাজনৈতিক চিত্র ও জয়ের খতিয়ান তুলে ধরলেন বিজেপি খোয়াই জেলা সভাপতি সমীর কুমার দাস। তিনি অত্যন্ত স্পষ্ট ভাষায় দাবি করেছেন যে, বিরোধী সিপিআই(এম)-এর পায়ের তলায় কোনো মাটি নেই, তাই নিশ্চিত পরাজয় বুঝতে পেরে তারা অজুহাতের রাজনীতি ও মিথ্যা অভিযোগ তুলছে। জেলা সভাপতি সমীর কুমার দাস জানান, খোয়াই জেলায় ইতিমধ্যেই ১৫টি ভিলেজ কাউন্সিল আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় হাসিল করে নিয়েছে ভারতীয় জনতা পার্টি। তিনি দৃঢ়তার সঙ্গে দাবি করেন, জেলার বাকি সবকটি আসন মিলিয়ে মোট ২৯টি আসনেই ভারতীয় জনতা পার্টি বিপুল ভোটে জয়ী হয়ে পদ্ম ফোটাবে।
সিপিআই(এম)-এর নানা অভিযোগের জবাবে তিনি বলেন, “বাম জমানার পরাজয় ও বিজেপি সরকারের বিপুল জনকল্যাণমুখী কাজকে তারা মানসিকভাব মেনে নিতে পারছে না। নির্বাচনে জয়ের কোনো সম্ভাবনা না দেখেই তারা অজুহাত খুঁজছে। কারণ, রাজ্য বা জেলার কোথাও অন্য কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে ভোটগ্রহণ প্রক্রিয়া নিয়ে কোনো অভিযোগ ওঠেনি।” তিনি আরও জানান, রাজ্যজুড়ে যে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে, খোয়াই জেলাতেও ঠিক একইরকমভাবে অত্যন্ত অবাধ ও শান্তিপূর্ণভাবেই ভোটগ্রহণ পর্ব সম্পন্ন হচ্ছে। তিনি ব্লকের ভিত্তিক হিসাব তুলে ধরে জানান, বর্তমানে খোয়াই জেলার তুলাশিখর আর.ডি. ব্লকের ১৫টি সিটে, মুঙ্গিয়াকামী ব্লকে ৮টি সিটে এবং তেলিয়ামুড়া ব্লকে ৬টি সিটে সাধারণ মানুষ অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন। সমস্ত কেন্দ্রেই বিজেপির জয় এখন সময়ের অপেক্ষা মাত্র বলে তিনি মন্তব্য করেন।
