শ্রেণীকক্ষে সিলিং বেয়ে পড়ছে বৃষ্টির জল, মারাত্মক শিক্ষক সংকট, বারবিল হাইস্কুলে এসএফআই-এর স্মারকলিপি প্রদান

গোপাল সিং, খোয়াই, ২৯ সেপ্টেম্বর || খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের পর এবার বারবিল হাইস্কুলেও চরম বেহাল শিক্ষার পরিকাঠামো ও মারাত্মক শিক্ষক সংকট নিয়ে সরব হলো ভারতের ছাত্র ফেডারেশন। দীর্ঘদিনের শিক্ষক সংকট দূরীকরণ, ছাত্রছাত্রীদের জন্য পৃথক ও পরিষ্কার পরিচ্ছন্ন শৌচাগার নির্মাণ, নিরাপত্তা সুনিশ্চিত করতে চারপাশে বাউন্ডারি ওয়াল নির্মাণ সহ একাধিক দাবিতে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার নিকট স্মারকলিপি প্রদান করে এসএফআই খোয়াই বিভাগীয় কমিটি।
স্মারকলিপি প্রদানকালে সাধারণ ছাত্রছাত্রীরা সংগঠনের প্রতিনিধি দলের কাছে বিদ্যালয় পরিকাঠামোর এক কঙ্কালসার চিত্র তুলে ধরে অভিযোগ জানায়। ছাত্রছাত্রীরা জানায়, দীর্ঘদিন ধরে শ্রেণীকক্ষের বেড়ার সিলিং ক্ষতিগ্রস্ত হয়ে থাকায় সামান্য বৃষ্টি হলেই ক্লাস রুমে হু হু করে জল পড়ে। এর ফলে বর্ষার দিনগুলিতে চরম ভোগান্তির শিকার হতে হয় পড়ুয়াদের এবং স্বাভাবিক পঠনপাঠন পুরোপুরি ব্যাহত হয়।
সংগঠনের পক্ষ থেকে ছাত্রস্বার্থ সংশ্লিষ্ট বহুমাত্রিক দাবিগুলি তুলে ধরা হলে বারবিল হাইস্কুলের প্রধান শিক্ষিকা আন্দোলনকারীদের সমস্ত দাবির সাথে পূর্ণ সহমত পোষণ করেন। তিনি জানান, বিদ্যালয়ের এই সমস্যাগুলি অত্যন্ত বাস্তব ও জ্যান্ত। আগামী দিনে ছাত্রছাত্রীদের স্বার্থ রক্ষার্থে এবং পরিকাঠামোগত মান উন্নয়নে তিনি প্রশাসনিকভাবে যথাযথ ভূমিকা গ্রহণ করবেন বলে প্রতিনিধি দলকে আশ্বস্ত করেন। তবে বারবিল হাইস্কুলের প্রধান শিক্ষিকার আশ্বাসের পরও ছাত্র সংগঠন এসএফআই-এর পক্ষ থেকে স্পষ্ট হুঁশিয়ারি দেওয়া হয়েছে। দ্রুত এই দাবিগুলি পূরণ ও শিক্ষক সংকট সমাধান না হলে আগামী দিনে সাধারণ ছাত্রছাত্রীদের সাথে নিয়ে আরও ব্যাপক ও বৃহত্তর আন্দোলনে নামার পথ বেছে নেবে সংগঠন। এদিনের এই স্মারকলিপি প্রদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন এসএফআই খোয়াই বিভাগীয় সম্পাদক সাগর পাল, বিভাগীয় সভানেত্রী সায়ন্তিকা দেব, রাজ্য কমিটির সদস্য সৈকত দাস সহ এসএফআই
সহ সংগঠনের অন্যান্য স্থানীয় ও বিভাগীয় নেতৃত্ব ও কর্মী-সমর্থকেরা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*