বলরাম দেবনাথ, সাব্রুম, ২৮ সেপ্টেম্বর || দীর্ঘ ১০ বছর পর ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদের (TTAADC) ভিলেজ কাউন্সিল নির্বাচন শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে। সোমবার সকাল ৭টা থেকে শুরু হয় ভোটগ্রহণ। সকাল থেকেই বিভিন্ন ভোটকেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন চোখে পড়ে। বিশেষ করে উপজাতি মহিলা ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল নজরকাড়া।
ভোটকে কেন্দ্র করে সাব্রুম মহকুমার বিভিন্ন ভোটকেন্দ্রে তৈরি হয় উৎসবের পরিবেশ। নারী-পুরুষ নির্বিশেষে ভোটারদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা। নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে নির্ধারিত সময়ের আগেই বহু ভোটার কেন্দ্রে উপস্থিত হন।
নির্বাচনকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা এড়াতে বিভিন্ন ভোটকেন্দ্রে জোরদার করা হয় নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ ও নিরাপত্তাকর্মীদের তৎপরতা ছিল চোখে পড়ার মতো। ভোটগ্রহণ চলাকালীন বড় ধরনের কোনও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, দুপুর ১২টার মধ্যেই বিভিন্ন ভোটকেন্দ্রে প্রায় ৫৫ শতাংশ পর্যন্ত ভোটগ্রহণ সম্পন্ন হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতিও অব্যাহত ছিল।
ভোট দিয়ে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী বলেন, দীর্ঘ ১০ বছর পর মানুষ তাঁদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগের সুযোগ পেয়েছেন। অন্যদিকে বিধায়ক মাইলাফ্রু মগ এনডিএ-র জয়ের আশা প্রকাশ করেন। তিপ্রা মথার নেতা মনীন্দ্র ত্রিপুরাও ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে জানিয়ে তাঁদের জয়ের দাবি করেন।
ভোটগ্রহণ শেষে শুরু হয় ব্যালট বাক্স নিরাপদে স্ট্রংরুমে পৌঁছে দেওয়ার প্রক্রিয়া। সাব্রুম মহকুমার তিনটি স্ট্রংরুমে কড়া নিরাপত্তার মধ্যে ব্যালট বাক্স জমা দেওয়া হয়। স্ট্রংরুমগুলির নিরাপত্তায় মোতায়েন করা হয়েছে পুলিশ ও অন্যান্য নিরাপত্তাকর্মী।
দীর্ঘ এক দশক পর অনুষ্ঠিত এই নির্বাচনে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ রাজনৈতিক মহলে যথেষ্ট আগ্রহ তৈরি করেছে। এখন সকলের নজর ফলাফলের দিকে। প্রার্থীদের ভাগ্য বন্দি রয়েছে স্ট্রংরুমে রাখা ব্যালট বাক্সে। ফলাফল ঘোষণার পরই স্পষ্ট হবে, কোন দল বা প্রার্থীরা ভিলেজ কাউন্সিলে মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন।
