আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৯ সেপ্টেম্বর || নতুন ছবি ‘DeSu7’-এর প্রোমোশনে আগরতলায় এসে পৌঁছলেন জনপ্রিয় টলিউড অভিনেতা দেব ও অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। মঙ্গলবার রাজধানীর হোটেল পলো টাওয়ারে তাঁদের উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। দুই তারকাকে এক ঝলক দেখতে অনুরাগীদের মধ্যেও তৈরি হয়েছে ব্যাপক উৎসাহ।
আজ বিকেল ৫টায় রাজধানীর শিশু উদ্যানে ‘DeSu7’-এর বিশেষ প্রোমোশনাল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে দেব ও শুভশ্রীকে সামনে থেকে দেখার সুযোগ পেতে ইতিমধ্যেই অনুরাগীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে।
এদিকে, ত্রিপুরায় এসে দেব-শুভশ্রীর একটি বিশেষ ছবি সামাজিক মাধ্যমে নজর কেড়েছে। ছবিতে দেব ও শুভশ্রীর পোশাকে লেখা রয়েছে— “TOR SUUUUUUUUUUUUUUUUDHU TOR”। দুই তারকার পোশাকের এই বিশেষ লেখাই মনে করিয়ে দিচ্ছে তাঁদের জনপ্রিয় ছবি ‘ধূমকেতু’-র গান ‘তোর শুধু তোর’-কে।
আগরতলায় এসে অনুরাগীদের জন্য এই বিশেষ মুহূর্তের ছবি শেয়ার করেছেন দেব। ছবিটি প্রকাশ্যে আসতেই সামাজিক মাধ্যমে তা নিয়ে শুরু হয়েছে আলোচনা। ‘DeSu7’-এর প্রচারে দেব-শুভশ্রীর আগমন ঘিরে রাজধানী আগরতলায়ও তৈরি হয়েছে উৎসবের আবহ।
