দেবজিত চক্রবর্তী , আগরতলা, ১৯ মে ।। পি বি আচারিয়ার জায়গায় রাজ্যের নতুন রাজ্যপাল তথাগত রায় রাজ্যে পদার্পণ করেছেন। বিমানবন্দরে রাজ্যপালকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন মূখ্যসচিব যশপাল সিং, রাজ্য পুলিশের মহা নির্দেশক কে নাগরাজ, রাজ্যপালের সচিব শান্তনু দাশ, পশ্চিম জেলার জেলাশাসক মিলিন্দ রামটেকে এবং পুলিশ সুপার বিজয় নাগ। দেশের পারম্পরিক ঐতিহ্য অনুযায়ী ত্রিপুরা স্টেট রাইফেলসের ১০ম বাহিনীর জওয়ানরা রাজভবনে গার্ড অব অনার প্রদান করে নয়া রাজ্যপালকে। তারপর রাজভবনে মূখ্যমন্ত্রী মানিক সরকার, এডিসি’র মূখ্য কার্যনির্বাহী সদস্য রাধাচরন দেববর্মা, আগরতলা পুর নিগমের মেয়র প্রফুল্লজিৎ সিনহা, মন্ত্রীসভার সদস্যবৃন্দ, এস ডি এম মানিক লাল দাস সহ রাজ্য প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে সৌজন্য বিনিময় করেন। ২০ মে ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি দীপক গুপ্তা শপথ বাক্য পাঠ করাবেন নতুন রাজ্যপালকে। শপথ গ্রহনের মধ্য দিয়েই তথাগত রায় রাজে রাজ্যপাল হিসেবে দায়িত্বভার গ্রহন করবেন।

