বিশ্বশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১৬ জুলাই || ৩৬-শান্তিরবাজার মন্ডল বিজেপি’র যুব মোর্চার উদ্যোগে বুধবার বিকেলে শান্তিরবাজারে এক বিক্ষোভ মিছিল সংগঠিত হয়। সম্প্রতি সি আই টি ইউ-র রাজ্য সম্মেলনে সি আই টি ইউ নেতা শঙ্কর প্রসাদ দত্ত ভগবান শ্রী রামচন্দ্রের ভক্ত প্রভু হনুমানজিকে নিয়ে অপমানজনক মন্তব্য করেছেন বলে অভিযোগ ওঠে। এই মন্তব্যের প্রতিবাদেই এদিন শহর জুড়ে বিজেপি ও যুব মোর্চার পক্ষ থেকে এক বিশাল বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।
মিছিলটি শান্তিরবাজার মুকুট অডিটোরিয়াম প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পথ পরিক্রমা করে পুনরায় মুকুট অডিটোরিয়াম প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন ৩৬-শান্তিরবাজার মন্ডল বিজেপি’র যুব মোর্চার সভাপতি রামপ্রসাদ শীল। উপস্থিত ছিলেন মন্ডল বিজেপি’র সভাপতি দেবাশীষ ভৌমিক, শান্তিরবাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রমোদ রিয়াং, দক্ষিণ জেলা কৃষাণ মোর্চার সভাপতি সত্যব্রত সাহা-সহ অন্যান্য নেতৃত্বরা।
বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারী বিজেপি ও যুব মোর্চার কর্মী-সমর্থকদের মধ্যে প্রবল উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। তারা শঙ্কর প্রসাদ দত্তের শাস্তির দাবি জানিয়ে বিভিন্ন স্লোগানও দেন। গোটা শান্তির বাজার শহরজুড়ে বিক্ষোভ মিছিল ঘিরে চাঙ্গা হয়ে ওঠে রাজনৈতিক আবহ।
বিজেপি’র পক্ষ থেকে জানানো হয়, ভগবান হনুমানকে অপমান সহ্য করা হবে না এবং যারা ধর্মীয় অনুভূতিতে আঘাত করছে, তাদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে।
