গোপাল সিং, খোয়াই, ১৬ জুলাই || সিপিআই(এম)’র প্রাক্তন সাংসদ শঙ্কর প্রসাদ দত্তের ভগবান হনুমানকে নিয়ে করা এক বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে উত্তাল হলো খোয়াই। ভারতীয় জনতা যুব মোর্চার খোয়াই মন্ডল এবং রামচন্দ্র ঘাট মন্ডল কমিটির উদ্যোগে আজ পৃথক পৃথক ধিক্কার মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। এই কর্মসূচিতে নেতৃত্ব দেন যুব মোর্চার রাজ্য সভাপতি তথা বিধায়ক সুশান্ত দেব। খোয়াই শহরে মন্ডল যুব মোর্চার পক্ষ থেকে একটি বিশাল ধিক্কার মিছিল বের করা হয়। মিছিলে অংশগ্রহণকারীরা শঙ্কর প্রসাদ দত্তের মন্তব্যের তীব্র নিন্দা করে স্লোগান দেন। মিছিলে সনাতনী ভাবধারার যুবকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। একই ইস্যুতে রামচন্দ্র ঘাট মন্ডল যুব মোর্চার উদ্যোগেও একটি প্রতিবাদী র্যালি ও পথসভার আয়োজন করা হয়। সেখানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক সুশান্ত দেব বলেন, “বামেরা বরাবরই নাস্তিক এবং তারা ধর্মীয় ভাবাবেগে আঘাত করে দাঙ্গা-হাঙ্গামা তৈরির চেষ্টা করে। প্রাক্তন সাংসদ শঙ্কর প্রসাদ দত্তের হনুমানজিকে নিয়ে অশালীন বক্তব্য তারই প্রমাণ।” গোটা কর্মসূচিতে রাজ্য যুব মোর্চা সভাপতি তথা বিধায়ক সুশান্ত দেব ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপি খোয়াই মন্ডল সভাপতি অনুকুল দাস, বিজেপি খোয়াই জেলা সাধারণ সম্পাদক সমীর দাস, পুর পরিষদের কাউন্সিলার শঙ্কু পাল, খোয়াই মন্ডল সম্পাদক অনিমেষ নাগ সহ অন্যান্য কার্যকর্তারা। এই প্রতিবাদ কর্মসূচির জেরে জেলার রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে।
