তেলিয়ামুড়া মোহরছড়া স্কুলে ভৌতিক আতঙ্ক! অসুস্থ চার ছাত্রছাত্রী, চাঞ্চল্য এলাকায়

সাগর দেব, তেলিয়ামুড়া, ২৫ জুলাই || হঠাৎ করেই ভৌতিক আতঙ্কে অস্থির হয়ে উঠল তেলিয়ামুড়া মহকুমার অন্তর্গত মোহরছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়। স্কুল চলাকালীন সময়ে একের পর এক ছাত্রছাত্রী অসুস্থ হয়ে পড়ায় চাঞ্চল্য ছড়ায় স্কুল চত্বরে। আতঙ্কের উৎস—এক মুণ্ডহীন বিকৃতদেহ মানুষের উপস্থিতি বলে দাবি করেছে ছাত্রছাত্রীরা।
জানা গেছে, বৃহস্পতিবার স্কুল চলাকালীন সপ্তম শ্রেণির তিন ছাত্রী এবং ষষ্ঠ শ্রেণির এক ছাত্র হঠাৎ অস্বাভাবিক আচরণ করতে থাকে ও অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ ছাত্রছাত্রীরা হল মনোজিৎ মন্ডল (ষষ্ঠ শ্রেণি), দিয়া দেবনাথ, তনুশ্রী সরকার ও শুভশ্রী দেবনাথ (তিনজনই সপ্তম শ্রেণি)।
এক ছাত্রের দাবি, সে বাথরুমে গেলে হঠাৎ করে তার সামনে ভেসে ওঠে এক মুণ্ডহীন কালো দেহবিশিষ্ট মানুষের অবয়ব। আতঙ্কে ছুটে আসে ক্লাসরুমে। কিছুক্ষণের মধ্যেই আরও তিন ছাত্রী ওই একই বাথরুমে গিয়ে একই দৃশ্য দেখার দাবি করে। তারাও আতঙ্কে ছুটে এসে উন্মাদ মতো আচরণ শুরু করে।
ঘটনার পরই বিদ্যালয় কর্তৃপক্ষ তড়িঘড়ি তাদের তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে সেখানেই তাদের চিকিৎসা চলছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বহু বছর ধরেই মোহরছড়া স্কুলকে ঘিরে ভৌতিক ঘটনার গুজব ছড়িয়ে রয়েছে। অভিযোগ, বিদ্যালয় চত্বরে এর আগেও একাধিকবার অপমৃত্যুর ঘটনা ঘটেছে। বহু অভিভাবক ওই বাথরুমগুলি ভেঙে ফেলার দাবি তুললেও কার্যত তাতে কোনো সাড়া মেলেনি।
এই ঘটনার পর নতুন করে প্রশ্ন উঠেছে—আসলে কি কোনও ভৌতিক ঘটনা ঘটেছে, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনও মনস্তাত্ত্বিক বা পারিপার্শ্বিক কারণ? পুরো ঘটনার সত্যতা ও প্রেক্ষাপট খতিয়ে দেখতে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করছেন অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা।
স্কুল কর্তৃপক্ষ ও স্বাস্থ্য বিভাগের তরফে এখনও পর্যন্ত কোনও সরকারি বিবৃতি পাওয়া যায়নি। তবে স্কুলে নিরাপত্তা ও পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলছে অভিভাবক মহল।
ঘটনার পেছনে লুকিয়ে থাকা আসল রহস্য জানতে তদন্তের দাবি উঠছে জোরালোভাবে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*