খোয়াইয়ের বাঘাযতীন ক্লাবে শারদোৎসবের বোধন, ‘বেটি বাঁচাও, বেটি পড়াও’ থিমে সামাজিক বার্তা

গোপাল সিং, খোয়াই, ২৫ জুলাই || শরতের আকাশে এখনো পেঁজা তুলোর আনাগোনা শুরু হয়নি, কিংবা কাশবনে দোলা লাগেনি বললেই চলে। কিন্তু তাতে কী? বাঙালির ক্যালেন্ডারে পুজোর গন্ধ লেগেছে। ঢাকে কাঠি না পড়লেও, শহর থেকে গ্রামবাংলা সর্বত্রই শারদ উৎসবের প্রস্তুতি শুরু হয়ে গেছে। বাঙালির শ্রেষ্ঠ এই উৎসবকে ঘিরে উন্মাদনার পারদ চড়ছে। খোয়াইও তার ব্যতিক্রম নয়। শহরের অন্যতম স্বনামধন্য ক্লাব বাঘাযতীন ক্লাবে আজ খুঁটি পূজার মাধ্যমে দুর্গাপূজার শুভ সূচনা হয়ে গেল।
ক্লাব কর্তৃপক্ষ মিডিয়াকে জানায়, এই বছর তাদের পূজার বাজেট প্রায় ৫ লক্ষ টাকা। তবে শুধু জাঁকজমকই নয়, এবারের পূজায় ক্লাব কর্তৃপক্ষ এক বিশেষ সামাজিক বার্তাও তুলে ধরতে চলেছে। তাঁদের পূজার মূল ভাবনা বা থিম হলো ‘বেটি বাঁচাও, বেটি পড়াও’। নারীশিক্ষার প্রসারে সচেতনতা গড়ে তুলতেই এই উদ্যোগ। এই অভিনব ভাবনা যে বহু মানুষের দৃষ্টি আকর্ষণ করবে, সে বিষয়ে আশাবাদী উদ্যোক্তারা। প্রতি বছরের মতোই বাঘাযতীন ক্লাবের পূজার অন্যতম আকর্ষণ হতে চলেছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং গুণীজন সংবর্ধনা। এই ঐতিহ্যকে সামনে রেখেই ক্লাব কর্তৃপক্ষ মনে করছে, নতুনত্বের ছোঁয়া এবং সামাজিক বার্তার মেলবন্ধনে এবারের পূজা মণ্ডপে দর্শনার্থীদের ভিড় উপচে পড়বে। সব মিলিয়ে, এক নতুন আঙ্গিকে মা দুর্গার আবাহনে প্রস্তুত হচ্ছে খোয়াইয়ের বাঘাযতীন ক্লাব।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*