গাড়ির আড়ালে ফেনসিডিলের সাম্রাজ্য! খোয়াইয়ে পুলিশের জালে দুই পাচারকারী, উদ্ধার ১২০০ বোতল!

গোপাল সিং, খোয়াই, ২৬ জুলাই || খোয়াই জেলা পুলিশের মাদক বিরোধী অভিযানে আরও এক বড় সাফল্য। শুক্রবার বাইজালবাড়ি নাকা পয়েন্টে একটি ছোট মালবাহী গাড়ি থেকে তল্লাশি চালিয়ে ১২০০ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ (এসকফ) উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় গাড়ির চালক ও সহ-চালককে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, আজ বাইজালবাড়ি নাকা পয়েন্টে রুটিন তল্লাশি চলাকালীন একটি ছোট মালবাহী লড়িকে আটকানো হয়। গাড়িটিতে তল্লাশি চালাতেই থরে থরে সাজানো নিষিদ্ধ কাফ সিরাপের কার্টুন উদ্ধার হয়। পুলিশ সঙ্গে সঙ্গে গাড়ির চালক সুজিত দাস এবং সহ-চালক তপন দাসকে গ্রেপ্তার করে। জানা গেছে, ধৃতদের বাড়ি কদমতলা এলাকায়। ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস (NDPS) আইনে একটি নির্দিষ্ট মামলা রুজু করা হয়েছে। এই বিপুল পরিমাণ নিষিদ্ধ কাফ সিরাপ কোথা থেকে আনা হচ্ছিল এবং কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, তা জানতে পুলিশ তদন্ত শুরু করেছে। এই সফল অভিযান জেলা পুলিশের মাদক নির্মূল অভিযানের একটি গুরুত্বপূর্ণ অংশ বলে মনে করা হচ্ছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*