আপডেট প্রতিনিধি, আগরতলা, ২০ নভেম্বর || অদম্য ইচ্ছাশক্তি ও সমাজের প্রতি দায়বদ্ধতার দৃষ্টান্ত স্থাপন করে ত্রিপুরার উত্তর জেলার কদমতলা কুর্তি মন্ডল যুব মোর্চা এবং দক্ষিণ কদমতলা শক্তি কেন্দ্রের উদ্যোগে বৃহস্পতিবার কৃষকদের সহায়তায় বিশেষ ধান কাটা কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এদিন দক্ষিণ কদমতলা গ্রাম পঞ্চায়েতের ৩ নম্বর ওয়ার্ডের কৃষক আব্দুল হান্নানের পাকা ধান কাটতে নামেন যুব মোর্চার প্রায় ৪০ জন সদস্য। নেতৃত্বে ছিলেন স্থানীয় শক্তি কেন্দ্রের প্রধান আকবর আলী ও কদমতলা মন্ডল যুব মোর্চার সম্পাদক ঝুনু মিয়া। উপস্থিত ছিলেন দক্ষিণ কদমতলা গ্রাম পঞ্চায়েতের প্রধান মান্না দে, কদমতলা কুর্তি মন্ডলের প্রাক্তন সভাপতি অমিতাভ নাথ, যুব মোর্চার সহ-সভাপতি জন্মজিৎ কানু সহ অন্যান্য নেতৃত্বরা।
উদ্যোক্তাদের মতে, প্রতিবছরই কদমতলা মন্ডলের উদ্যোগে নানা সামাজিক কর্মসূচি গ্রহণ করা হয়। তবে এ বছর দক্ষিণ কদমতলা শক্তি কেন্দ্রের পক্ষ থেকে প্রথমবারের মতো এ ধরনের ব্যতিক্রমী ধান কাটা উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতে কদমতলা ব্লকের প্রতিটি শক্তি কেন্দ্রে এই কর্মসূচি চালিয়ে যাওয়ার আশ্বাস দেন প্রাক্তন সভাপতি অমিতাভ নাথ। তিনি বলেন, “কৃষক যে দলেরই হোন না কেন, অসহায় কৃষকদের পাশে দাঁড়াতেই আমাদের এই প্রয়াস।”
অন্যদিকে যুব মোর্চার সহ-সভাপতি জন্মজিৎ কানু বিরোধীদের উদ্দেশে সাধারণ মানুষকে বিভ্রান্ত না করার আহ্বান জানিয়ে বলেন, “বিরোধীদের হাতে কোনো ইস্যু নেই বলেই ইতিবাচক সামাজিক কর্মসূচি দেখলে কটাক্ষ করছে তারা। বিহারের ফলাফলই তাদের সক্ষমতার পরিচয় দিয়েছে।” তিনি আরও জানান, “গতকালই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রতিটি কৃষকের অ্যাকাউন্টে ২ হাজার টাকা অনুদান প্রদান করেছেন। ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে সামাজিক কর্মসূচি নেওয়ার পরিকল্পনা রয়েছে।”
কৃষকদের পাশে দাঁড়ানোর এই মানবিক উদ্যোগে স্থানীয়দের মধ্যে প্রশংসার ঝড় উঠেছে।
