গোপাল সিং, খোয়াই, ৩০ সেপ্টেম্বর || উদয়পুরের গামারিয়া ভিলেজের ওয়ার্যাঙবাড়িতে তিপ্রামথা প্রার্থীর ওপর প্রাণঘাতী সশস্ত্র হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ ইতোমধ্যে ২ জন অভিযুক্তকে গ্রেফতার করেছে।
মূল দুষ্কৃতীদের অবিলম্বে গ্রেফতার ও কঠোর শাস্তির দাবিতে স্থানীয়দের পথ অবরোধ ও উত্তপ্ত পরিস্থিতির মাঝে এগিয়ে আসে জেলা প্রশাসন। পরিস্থিতি সামাল দিতে গোমতী জেলার জেলা শাসক এবং শীর্ষ পুলিশ আধিকারিকদের সাথে তিপ্রামথা নেতৃত্বের এক উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে জেলা শাসক ও পুলিশের উচ্চপদস্থ কর্তারা আশ্বাস দেন যে, আগামী ৭২ ঘণ্টার মধ্যে ঘটনার নেপথ্যে থাকা সমস্ত মূল ষড়যন্ত্রকারী ও অভিযুক্তদের গ্রেফতার করা হবে। প্রশাসনের এই সুনির্দিষ্ট আশ্বাসের ভিত্তিতে আপাতত সড়ক অবরোধ প্রত্যাহার করে নেন বিক্ষোভকারীরা।
বৈঠক শেষে মথা নেতৃত্বের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, জেলা শাসকের আশ্বাসের ওপর সম্মান জানিয়ে সময়সীমা দেওয়া হলো। তবে আগামী ৭২ ঘণ্টার মধ্যে যদি মূল অপরাধীদের জালে তোলা না হয়, তবে সমগ্র গোমতী জেলা সহ রাজ্যে আরও বড় মাপের আন্দোলন গড়ে তোলা হবে।
বর্তমানে এলাকায় পুলিশি টহল ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার রাখা হয়েছে। জিবি হাসপাতালে চিকিৎসাধীন গুলিবিদ্ধ খচিন্দ্র রিয়াংয়ের অবস্থার ওপরও কড়া নজর রাখা হচ্ছে।
