গোপাল সিং, খোয়াই, ২১ নভেম্বর || বিহার বিধানসভা নির্বাচনে বিজেপির জয় ঘোষিত হওয়ার পর খোয়াই জেলা কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হলো একটি বিজয় সমাবেশ। রামচন্দ্রঘাট বিধানসভা এলাকায় বিকেল তিনটায় আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি খোয়াই জেলা সভাপতি বিনয় দেববর্মা, কল্যাণপুরের বিধায়ক পিনাকী দাস চৌধুরী, জেলা সাধারণ সম্পাদক সমীর কুমার দাস, বিজেপি খোয়াই মন্ডল সভাপতি অনুকুল দাস, বিজেপি নেতৃত্ব দেবাশীষ নাথশর্মা, অপর্ণা সিংহরায়সহ বিভিন্ন মন্ডল পর্যায়ের নেতৃত্ব ও কর্মীবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, বিহারের ফলাফল দেশবাসীকে আবারও স্মরণ করিয়ে দিল—বিশ্বাসই শক্তি এবং উন্নয়নই প্রকৃত পথ। কেন্দ্রীয় ও রাজ্য সরকারের উন্নয়নমুখী উদ্যোগ মানুষের আস্থা বাড়িয়েছে, আর সেই বিশ্বাসই নির্বাচনী ফলাফলে প্রতিফলিত হয়েছে।
খোয়াই জেলার রামচন্দ্রঘাট মন্ডল কার্যালয়ে অনুষ্ঠিত এই বিজয় সমাবেশে উপস্থিত নেতারা বিহারের জনগণকে ধন্যবাদ জানান এবং আগামী দিনে সংগঠনকে আরও শক্তিশালী করে তুলতে কর্মীদের ভূমিকার ওপর গুরুত্ব আরোপ করেন। সমাবেশকে কেন্দ্র করে এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয় এবং নেতৃত্বের বক্তব্যে রাজনৈতিক উদ্দীপনা দেখা যায়।
