বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২৭ নভেম্বর || মুহুরী নদীর চরের বালির নিচে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য। বৃহস্পতিবার দুপুর আনুমানিক ২টার সময় স্থানীয় বাসিন্দারা বালির নিচে দেহের কিছু অংশ দেখতে পেয়ে বিষয়টি পুলিশকে জানান।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান বাইখোড়া থানার ওসি, বিলোনিয়া থানার ওসি এবং শান্তিরবাজার মহকুমার পুলিশ আধিকারিক বাপ্পি দেবর্বমা। পরে ফরেন্সিক টিম ও ডগ স্কোয়াডের সহায়তায় বালির নিচ থেকে সম্পূর্ণ দেহ উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া মৃতদেহ রতনপুর এডিসি ভিলেজের শরৎচন্দ্র উচাই পাড়ার বাসিন্দা জৈন চন্দ্র উচাই (৬৫)-এর। তিনি গত ১৬ই নভেম্বর বাড়ি থেকে নিখোঁজ হন।
মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে এলে মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে বলে জানান শান্তিরবাজার মহকুমার পুলিশ আধিকারিক বাপ্পি দেবর্বমা।
