গোপাল সিং, খোয়াই, ০৭ ডিসেম্বর || রবিবার সকাল হাতকাটা বাজার সংলগ্ন অসিত শুক্ল বৈদ্যের বাড়িতে আচমকাই বিশাল অগ্নিকাণ্ড ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা বাড়ির প্রতিটি ঘরে ছড়িয়ে পড়ে এবং পাশাপাশি থাকা খড়ের গাদাতেও আগুন ধরে যায়। এলাকায় হাহাকার ও চাঞ্চল্যের সৃষ্টি হয়।
খবর পেয়ে খোয়াই অগ্নিনির্বাপক দপ্তরের দমকল কর্মীদের একটি দল সকাল সাড়ে ১১টার দিকে ঘটনাস্থলে পৌঁছায়। দমকল কর্মীরা দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তবে আগুন লাগার কারণ এবং মোট ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।
স্থানীয়রা জানান, আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে কয়েক মিনিটের মধ্যেই পুরো এলাকা ধোঁয়ায় ঢেকে যায়। দমকলের দ্রুত তৎপরতা না হলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারত বলে মনে করছেন সবাই। ঘটনার তদন্ত চলছে।
