ভুবনেশ্বরে আন্তর্জাতিক সম্মানে ভূষিত হচ্ছেন রাজ্যের বিধায়ক পিনাকী দাস চৌধুরী: যুব রাজনীতিতে ‘আইকনিক অ্যাওয়ার্ড’-এর স্বীকৃতি

গোপাল সিং, খোয়াই, ০৭ ডিসেম্বর || ত্রিপুরার জন্য ফের উজ্জ্বলতার মুহূর্ত। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সমতা সাহিত্য একাডেমী আগামী ২৭শে ডিসেম্বর ভুবনেশ্বরে আয়োজন করতে চলেছে আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন–২০২৫, যেখানে বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য দেয়া হবে একাধিক আন্তর্জাতিক সম্মাননা। সেই মর্যাদাপূর্ণ মঞ্চেই এ বছরের যুব রাজনীতিবিদ আইকনিক অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত হয়েছেন কল্যাণপুর–প্রমোদনগর বিধানসভা কেন্দ্রের জনপ্রিয় বিধায়ক পিনাকী দাস চৌধুরী।
একাডেমির জাতীয় সভাপতি ড. ডি. এস. তান্ডেকারের স্বাক্ষরিত আমন্ত্রণপত্র ইতোমধ্যেই তাঁর হাতে পৌঁছেছে। ওড়িশার রাজধানী ভুবনেশ্বরের ভারতীয় বিদ্যা ভবন, খারভেলা নগরে অনুষ্ঠিতব্য এই আন্তর্জাতিক সম্মেলনে প্রতিবছরই সাহিত্য, সাংবাদিকতা, সংগীত, নাটক, সমাজসেবা, শিক্ষা, চিকিৎসা, ক্রীড়া ও উদ্যোক্তা উন্নয়নসহ বহু ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক অবদানকে সম্মান জানানো হয়। এ বছরও লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড, এশিয়ান ডায়মন্ড আইকনিক অ্যাওয়ার্ড, লর্ড বুদ্ধ গোল্ডেন অ্যাওয়ার্ড, এপিজে আব্দুল কালাম আইকনিক অ্যাওয়ার্ড, মাদার তেরেসা আইকনিক অ্যাওয়ার্ড এবং গ্লোবাল অ্যাচিভার অ্যাওয়ার্ডসহ বহু আন্তর্জাতিক পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন দেশ–বিদেশের বিশিষ্ট ব্যক্তিরা।
এই বিশিষ্ট তালিকায় স্থান করে নিয়েছেন ত্রিপুরার তরুণ বিধায়ক পিনাকী দাস চৌধুরী। সামাজিক কর্মকাণ্ড, সক্রিয় জনসংযোগমূলক উদ্যোগ এবং মাঠপর্যায়ের উন্নয়নমূলক ভূমিকার স্বীকৃতিতেই তাঁকে মনোনীত করেছে নির্বাচনী কমিটি।
সংবাদটি ছড়িয়ে পড়তেই উচ্ছ্বাস দেখা দিয়েছে দলীয় কর্মী–সমর্থকদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও। নিজের প্রতিক্রিয়ায় পিনাকী দাস চৌধুরী বলেন, সমতা সাহিত্য একাডেমীর এই সম্মান তাঁর কাছে বিশেষ মূল্যবান। তাঁর ভাষায়, “এই পুরস্কার আমি উৎসর্গ করছি কল্যাণপুরবাসীকে। তাঁদের আস্থা, সমর্থন এবং ভালোবাসা না পেলে আমি আজ এই জায়গায় পৌঁছতে পারতাম না।”

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*