গোপাল সিং, খোয়াই, ১৭ জানুয়ারি || খোয়াই জি-নেক্সট মডেল স্কুলের দশম বার্ষিক অনুষ্ঠান শনিবার খোয়াই নতুন টাউন হলে সফলভাবে সম্পন্ন হলো। বর্ণাঢ্য এই অনুষ্ঠানে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা, কৃতী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ এবং বিশেষ আকর্ষণ হিসেবে এক দারুণ ম্যাজিক শো। পুরো অনুষ্ঠানজুড়ে ছাত্রছাত্রী, অভিভাবক ও অতিথিদের মধ্যে উৎসবের আবহ লক্ষ্য করা যায়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন খোয়াই পুর পরিষদের চেয়ারম্যান দেবাশীষ নাথশর্মা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দশরথ দেব মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ ড. খোকন মজুমদার। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেমব্রো ইনফোটেক প্রাইভেট লিমিটেডের ডিরেক্টর ও সিইও কিরণ কুমার হেমব্রম এবং এলআইসি অ্যাসোসিয়েট কিশোর কুমার ভট্টাচার্য। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিবেকানন্দ এডুকেশনাল অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্টের সভাপতি অঞ্জন গোস্বামী।
উদ্বোধনী ভাষণে দেবাশীষ নাথশর্মা বলেন, বর্তমান সরকার শিক্ষার প্রসারে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করছে। তিনি খুদে ছাত্রছাত্রীদের পরিবেশিত ভক্তিমূলক নৃত্যের ভূয়সী প্রশংসা করেন এবং অনুষ্ঠানে গাওয়া বন্দে মাতরম সঙ্গীতের প্রশংসাও করেন। পাশাপাশি বিদ্যালয়ের সার্বিক শিক্ষাব্যবস্থা ও সৃজনশীল উদ্যোগের প্রশংসা করে তিনি বলেন, এই ধরনের আয়োজন শিক্ষার্থীদের মানসিক ও সাংস্কৃতিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠানে শিক্ষার্থীরা নৃত্য সহ নানা সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করে দর্শকদের মুগ্ধ করে তোলে। বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরার প্রখ্যাত যাদুকর এ. কে. নন্দী, যাঁর ম্যাজিক শো শিশুদের পাশাপাশি অভিভাবকদেরও দারুণভাবে আনন্দিত করে।
বিদ্যালয় কর্তৃপক্ষের মতে, এই ধরনের সৃজনশীল আয়োজন ছাত্রছাত্রীদের প্রতিভা বিকাশের পাশাপাশি আত্মবিশ্বাস গড়ে তোলা ও মানসিক বিকাশে বিশেষভাবে সহায়ক।
উল্লেখ্য, জি-নেক্সট মডেল স্কুলের দশম বার্ষিক অনুষ্ঠানকে কেন্দ্র করে বেশ কিছুদিন আগেই শুরু হয়েছিল প্রস্তুতির আমেজ। স্কুলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে মূল অনুষ্ঠানের অংশ হিসেবে খোয়াই গভর্নমেন্ট ইংলিশ মিডিয়াম স্কুল প্রাঙ্গণে আয়োজন করা হয় এক বৃহৎ বসে আঁকো প্রতিযোগিতা। ওই প্রতিযোগিতায় প্রায় ২৫০ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে, যা শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীলতার এক অনন্য প্রকাশ ঘটায়।
