আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৭ জানুয়ারি || মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগের পাশাপাশি আগরতলা পুর নিগমের বিভিন্ন ওয়ার্ড ও বিভিন্ন সামাজিক সংস্থার উদ্যোগে রাজ্যজুড়ে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি ধারাবাহিকভাবে চলছে। তারই অঙ্গ হিসেবে শনিবার আগরতলা পুর নিগমের ১৬ নম্বর ওয়ার্ডের অন্তর্গত রামনগর ৩ নম্বর রাস্তায় ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটির উদ্যোগে এক শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহা। শীতার্ত ও দুঃস্থ মানুষের হাতে শীতবস্ত্র তুলে দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, সমাজের প্রান্তিক মানুষের পাশে দাঁড়ানোই সরকারের অন্যতম প্রধান লক্ষ্য। রাজ্য সরকার বিভিন্ন সামাজিক সংগঠন ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের সহযোগিতায় মানবিক এই ধরনের কর্মসূচি আরও জোরদার করতে বদ্ধপরিকর।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, বড়দোয়ালী মণ্ডল সভাপতি শ্যামল কুমার দেব, রেড ক্রস সোসাইটি রাজ্য শাখার সভাপতি ও সম্পাদকসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। বক্তারা রেড ক্রস সোসাইটির এই মানবিক উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের সামাজিক কর্মসূচি অব্যাহত রাখার আহ্বান জানান।
অনুষ্ঠান ঘিরে এলাকাবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়।
