বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২৬ মার্চ || আসন্ন টিটিএএডিসি (TTAADC) নির্বাচনকে সামনে রেখে সরগরম রাজ্যের রাজনৈতিক ময়দান। বুধবার শান্তির বাজারে শক্তির জোরালো প্রদর্শন করল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। রাজপথ কাঁপিয়ে বিশাল মিছিলের মধ্য দিয়ে ২৬ বীরচন্দ্র-কলসী (এসটি) কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী সঞ্জীব রিয়াং শান্তির বাজার মহকুমা শাসকের দপ্তরে গিয়ে তাঁর মনোনয়নপত্র জমা দেন।
এদিন মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উন্মাদনা লক্ষ্য করা যায়। কয়েক হাজার দলীয় সমর্থক গেরুয়া আবির ও দলীয় পতাকা হাতে নিয়ে মিছিলে শামিল হন। বর্ণাঢ্য এই মিছিলে সাধারণ মানুষের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।
সঞ্জীব রিয়াং-এর মনোনয়ন প্রক্রিয়ায় তাঁর পাশে থেকে মনোবল বাড়াতে উপস্থিত ছিলেন ৩৬ শান্তির বাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রমোদ রিয়াং এবং শান্তির বাজার মন্ডল সভাপতি দেবাশীষ ভৌমিক। এছাড়াও দলের জেলা ও মন্ডল স্তরের একাধিক পদাধিকারী ও কর্মী উপস্থিত ছিলেন।
মনোনয়ন জমা দেওয়ার পর সঞ্জীব রিয়াং জয়ের ব্যাপারে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন। তিনি জানান, এলাকার সার্বিক উন্নয়ন এবং মানুষের সেবার লক্ষ্যেই তাঁর এই নির্বাচনী লড়াই। অন্যদিকে উপস্থিত দলীয় নেতৃত্বও দাবি করেন, এই কেন্দ্র থেকে বিপুল ভোটে জয়ী হবে বিজেপি।
শান্তির বাজারে এদিনের এই বিশাল মিছিল রাজনৈতিক মহলে বিশেষ তাৎপর্য বহন করছে বলে মনে করা হচ্ছে। নির্বাচনের প্রাক্কালে এই শক্তি প্রদর্শন শাসক দলের আত্মবিশ্বাস আরও দৃঢ় করেছে বলে রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত।
