শচীন কর্তার জন্মজয়ন্তীতে আমলাতান্ত্রিক চরম গাফিলতি, খোয়াই নতুন টাউন হলের বারান্দায় দর্শকশূন্য ফ্লপ অনুষ্ঠান, ক্ষুব্ধ সংস্কৃতিপ্রেমীরা

গোপাল সিং, খোয়াই, ০১ অক্টোবর || বর্তমান সরকারের চরম আমলাতান্ত্রিক নির্ভরতা এবং প্রশাসনিক সমন্বয়হীনতার এক কঙ্কালসার দৃশ্য ফুটে উঠলো সংস্কৃতির শহর খোয়াইয়ে। সংগীতাচার্য কুমার শচীন দেব বর্মনের ১২০তম জন্মজয়ন্তী উপলক্ষে রাজ্য ও মহকুমা স্তরের অনুষ্ঠান আয়োজন করতে গিয়ে মহা কেলেঙ্কারির মুখে পড়লো জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তর। অডিটোরিয়ামের ভেতরে মূল অনুষ্ঠান করার আয়োজনই করতে পারেনি প্রশাসন। ফলে মহকুমা স্তরের অনুষ্ঠান শেষ পর্যন্ত নিষ্পন্ন হলো খোয়াই নতুন টাউন হলের ফাঁকা ও দর্শকশূন্য বারান্দায় মাত্র দু-চারজনের উপস্থিতিতে!
তথ্য ও সংস্কৃতি দপ্তর থেকে প্রকাশিত রাষ্ট্রীয় নিমন্ত্রণপত্রে আমন্ত্রিত হিসেবে হেভিওয়েট ব্যক্তিত্বদের নাম ঝলঝল করলেও বাস্তব চিত্র ছিল সম্পূর্ণ উল্টো। যাদের উপস্থিত থাকার কথা ছিল, তাঁদের কেউই এদিনের ফ্লপ অনুষ্ঠানে পা রাখেননি। হলের বাইরে বারান্দায় অতি দায়সারাভাবে আয়োজনটি সম্পন্ন হওয়ায় স্থানীয় মানুষের মধ্যে চরম অসন্তোষের সৃষ্টি হয়েছে।
সংস্কৃতিক্রমের ঐতিহ্যবাহী কেন্দ্র খোয়াই শহরের মাটিতে শচীন কর্তার মতো বিশ্ববরেণ্য শিল্পীর স্মরণে আয়োজিত এই অপমানজনক ঘটনায় উগরে উঠছে চরম ক্ষোভ। সচেতন নাগরিকদের প্রশ্ন—প্রচারের নামে তো ঠিকই মোটা অঙ্কের সরকারি বিল পাশ ও খরচ দেখানো হবে, তাহলে বাস্তবে কেন কোনো লোকসমাগম হলো না? যদি প্রচার বা ব্যবস্থাপনা করতেই অক্ষম হয় দপ্তর, তবে কেন স্থানীয় কোনো সাংস্কৃতিক সংগঠনকে এই দায়িত্ব হস্তান্তর করা হলো না?
বিকেলে একই প্রেক্ষাগৃহে রাজ্যস্তরের মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। কিন্তু দুপুরের পর থেকেই খোয়াই জুড়ে শুরু হয়েছে প্রচণ্ড বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত ও প্রতিকূল আবহাওয়া। প্রশাসনিক উদাসীনতা ও আবহাওয়ার বিরূপ পরিস্থিতির মাঝে বিকেলে অনুষ্ঠিতব্য রাজ্যস্তরের কর্মসূচির সফলতা ও মর্যাদা রক্ষা নিয়েও বড়সড় প্রশ্নচিহ্ন ঝুলছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*