আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৮ মে || ধর্মনগরের যুব মোর্চার সভাপতি তথা কাউন্সিলর রাহুল রায়ের অকাল প্রয়াণে শোকস্তব্ধ হয়ে পড়েছে গোটা শহর। তাঁর মৃত্যুতে রাজনৈতিক ও সামাজিক মহলে নেমে এসেছে গভীর শোকের ছায়া। প্রয়াত নেতার বাড়িতে সমবেদনা জানাতে গিয়ে ক্ষোভের মুখে পড়েন নব নির্বাচিত বিধায়ক জহর চক্রবর্তী। ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে খবর, সমবেদনা জানাতে গিয়ে প্রয়াত নেতার স্ত্রীর তীব্র প্রতিক্রিয়ার সম্মুখীন হতে হয় বিধায়ককে। এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা ও নানা জল্পনা। অভিযোগের তীর উঠেছে বর্ণালী গোস্বামীর দিকে, যদিও পুরো বিষয় নিয়ে এখনও পর্যন্ত প্রকাশ্যে কোনও প্রতিক্রিয়া দেননি তিনি।
ঘটনার পর থেকেই ধর্মনগরের রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। বিভিন্ন মহলে চলছে আলোচনা ও সমালোচনা। তবে এই সংবেদনশীল পরিস্থিতিতে সকল পক্ষকেই সংযত থাকার আহ্বান জানিয়েছেন সচেতন মহল।
