জাতীয় ডেস্ক, কলকাতা, ০৮ মে || পশ্চিমবঙ্গের রাজনীতিতে বড়সড় পরিবর্তনের ইঙ্গিত মিলল বুধবার। রাজ্যপালের নির্দেশে আনুষ্ঠানিকভাবে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গ বিধানসভা। নতুন সরকার গঠন না হওয়া পর্যন্ত রাজ্যে জারি করা হয়েছে রাষ্ট্রপতি শাসন।
সরকারি গেজেট বিজ্ঞপ্তি অনুযায়ী, ভারতের সংবিধানের ১৭৪ নম্বর অনুচ্ছেদের ধারা অনুযায়ী এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। পশ্চিমবঙ্গের রাজ্যপাল আর. এন. রবি স্বাক্ষরিত নির্দেশে জানানো হয়েছে, ৭ই মে ২০২৬ থেকে বিধানসভা ভেঙে দেওয়ার সিদ্ধান্ত কার্যকর হবে।
এই ঘোষণার পর থেকেই রাজ্যের রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র জল্পনা ও আলোচনা। বিভিন্ন রাজনৈতিক দল পরিস্থিতির উপর নজর রাখছে এবং আগামী দিনে রাজ্যের রাজনৈতিক সমীকরণ কোন দিকে মোড় নেবে তা নিয়ে বাড়ছে কৌতূহল।
প্রশাসনিক সূত্রে জানা গেছে, নতুন সরকার গঠনের প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত কেন্দ্রের তত্ত্বাবধানে রাজ্যের প্রশাসনিক কার্যক্রম পরিচালিত হবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ঘটনা পশ্চিমবঙ্গের রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা করতে পারে।
