বাইকের ধাক্কায় গুরুতর আহত পথচারী, গণপিটুনিতে জখম অভিযুক্ত তিন আরোহী

গোপাল সিং, খোয়াই, ০৮ মে || খোয়াইয়ের সমতল পদ্মবিল এলাকায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি গুরুতর জখম হয়েছেন। তার নাম সঞ্জিব দে। বাড়ী সমতল পদ্মবিল এলাকায়। খোয়াই জেলা হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য আশঙ্কাজনক অবস্থায় তাকে জিবি স্থানান্তর করা হয়েছে। বেপরোয়া গতির একটি বাইকের ধাক্কায় এই দুর্ঘটনাটি ঘটে বলে জানা যায়। অন্যদিকে, দুর্ঘটনার জেরে উত্তেজিত জনতা বাইকে থাকা তিন আরোহীকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয় বলে জানা যায়। তাদের নাম বিশাল মুন্ডা, বিকাশ মন্ডা ও বিষ্ণু মুন্ডা। এদের দুজনের বাড়ি সিমনা এবং একজন কৈলাসহর।
ঘটনার বিবরণে জানা যায়, সঞ্জীত দে নামে এক ব্যক্তি তাঁর বোনকে নিয়ে পায়ে হেঁটে বাড়ির দিকে যাচ্ছিলেন। সেই সময় খোয়াইগামী একটি হিরো বাইক অত্যন্ত দ্রুতগতিতে এসে নিয়ন্ত্রণ হারিয়ে সঞ্জীতবাবুকে সজোরে ধাক্কা মারে। ধাক্কার অভিঘাতে তিনি ছিটকে রাস্তায় পড়ে যান এবং তাঁর মাথায় ও শরীরে গুরুতর চোট লাগে। স্থানীয় বাসিন্দারা ঘটনাটি প্রত্যক্ষ করেই খোয়াই দমকল দপ্তরে খবর দেন।
দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত সঞ্জীত দে-কে উদ্ধার করে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকায় কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর তাঁকে আগরতলা জিবি হাসপাতালে রেফার করেন। এই খবর ছড়িয়ে পড়তেই খোয়াই জেলা হাসপাতাল চত্বরে ব্যাপক ভিড় জমান উত্তেজিত এলাকাবাসী।
অন্যদিকে, দুর্ঘটনার পর পালানোর চেষ্টা করলে ওই বাইকে থাকা তিন যুবককে স্থানীয়রা ধরে ফেলেন। তাদের উত্তেজিত জনতা ওই তিনজনকে ‘উত্তম-মাধ্যম’ দেয় বলে জানা গেছে। পরে দমকল ও পুলিশের সহায়তায় তাদেরও জখম অবস্থায় জেলা হাসপাতালে নিয়ে আসা হয়। দমকল বাহিনীর কর্মীরা জানান, খবর পাওয়ার সাথে সাথেই তারা পৌঁছে উদ্ধারকাজ চালিয়েছেন। বর্তমানে এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে এবং পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*