আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৪ মে || তেল সাশ্রয় ও পরিবেশ রক্ষার বার্তা নিয়ে এবার বাইসাইকেলে জনসংযোগে নামলেন ত্রিপুরার কৃষিমন্ত্রী রতন লাল নাথ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জ্বালানি সাশ্রয়ের আহ্বানে সাড়া দিয়ে এস্কট ও বিলাসবহুল যাতায়াত এড়িয়ে সাধারণ মানুষের মতো সাইকেল ব্যবহার করার সিদ্ধান্তের কথা জানান তিনি।
বৃহস্পতিবার সকালে সাইকেলে করে বিভিন্ন এলাকায় জনসংযোগে অংশ নেন কৃষিমন্ত্রী। সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং পরিবেশবান্ধব জীবনযাপনের গুরুত্ব তুলে ধরেন। তাঁর বক্তব্য, দেশপ্রেম শুধু কথায় নয়, সচেতন ও দায়িত্বশীল জীবনযাপনের মধ্য দিয়েও প্রকাশ পায়।
মন্ত্রী নিজের সামাজিক মাধ্যমে একটি পোস্ট করে জানান, জ্বালানি সাশ্রয়, দূষণ নিয়ন্ত্রণ এবং সুস্থ জীবনযাপনের স্বার্থে সাইকেল ব্যবহারে সবাইকে এগিয়ে আসা উচিত। তাঁর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বিভিন্ন মহলের মানুষ।
