গোপাল সিং, খোয়াই, ০১ জুন || ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদ ভুক্ত ভিলেজ কমিটি নির্বাচনের লক্ষ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ গ্রহণ করল রাজ্য নির্বাচন কমিশন। ২০২৬ সালের সাধারণ ভিলেজ কমিটি নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার উদ্দেশ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের একটি আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
ঘোষিত সূচি অনুযায়ী, আগামী ২রা জুন ২০২৬ তারিখে ভিলেজ কমিটি নির্বাচনী ক্ষেত্রগুলোর খসড়া বা প্রাথমিক ভোটার তালিকা প্রকাশ করা হবে। এই তালিকায় কোনো ভুলত্রুটি থাকলে কিংবা কারও নাম বাদ পড়ে থাকলে, তা সংশোধনের জন্য দাবি ও আপত্তি জানানোর একটি নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। সাধারণ নাগরিকরা আগামী ৯ই জুন ২০২৬ তারিখ পর্যন্ত তাঁদের দাবি বা আপত্তি জমা দেওয়ার সুযোগ পাবেন।
পরবর্তী ধাপে, জমাকৃত সমস্ত দাবি ও আপত্তিগুলো পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই-বাছাই এবং নিষ্পত্তি করার জন্য ১০ই জুন এবং ১১ই জুন ২০২৬—এই দু’দিন ধার্য করা হয়েছে। সমস্ত প্রক্রিয়া অত্যন্ত স্বচ্ছতার সাথে সম্পন্ন করার পর, আগামী ১৫ই জুন ২০২৬ তারিখে বহুল প্রতিক্ষিত চূড়ান্ত ভোটার তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করবে কমিশন।
রাজ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, বর্তমান রাজ্য বিধানসভা নির্বাচনী ক্ষেত্রের ভোটার তালিকার ওপর ভিত্তি করেই ভিলেজ কমিটির এই ভোটার তালিকা প্রস্তুত করা হচ্ছে। নির্ধারিত নিয়ম মেনে সমস্ত নির্বাচনী আধিকারিকদের খসড়া ও চূড়ান্ত তালিকা প্রকাশের কাজ তদারকি করতে নির্দেশ দেওয়া হয়েছে। যে সমস্ত নাগরিকদের নাম এখনও ভোটার তালিকায় ওঠেনি বা কোনো অসঙ্গতি রয়েছে, তাঁদের এই নির্দিষ্ট সময়সূচির মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে এবং সতর্ক থাকার পরামর্শ দিচ্ছে সচেতন মহল।
