বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০১ জুন || দক্ষিণ ত্রিপুরার শান্তিরবাজার জেলা হাসপাতালের চিকিৎসা পরিষেবা ও পরিকাঠামোর মান যাচাই করতে সোমবার তিন সদস্যের এনকোয়াস (NQAS) প্রতিনিধিদল হাসপাতাল পরিদর্শনে আসে। জাতীয় স্তরের মান্যতা ও সহযোগিতা অর্জনের লক্ষ্যে শুরু হওয়া এই পরিদর্শন কর্মসূচি টানা তিনদিন ধরে চলবে।
জানা গেছে, শান্তিরবাজার জেলা হাসপাতাল বর্তমানে উন্নত চিকিৎসা পরিষেবা প্রদানের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা দিনরাত পরিশ্রম করে রোগীদের উন্নত চিকিৎসা পরিষেবা প্রদানের পাশাপাশি হাসপাতালের সামগ্রিক পরিকাঠামোগত উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছেন। তাঁদের নিরলস প্রচেষ্টার ফলেই হাসপাতালটি জাতীয় স্তরের মূল্যায়নের সুযোগ পেয়েছে।
সোমবার পরিদর্শন শুরুর আগে আগত প্রতিনিধিদলের সদস্যদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়। এরপর হাসপাতালের বিভিন্ন পরিষেবা, অবকাঠামো, স্বাস্থ্য ব্যবস্থাপনা ও উন্নয়নমূলক কর্মকাণ্ড সম্পর্কে বিস্তারিত উপস্থাপনা করা হয়। আলোচনা শেষে প্রতিনিধিদল হাসপাতালের বিভিন্ন বিভাগ, ওয়ার্ড, বহির্বিভাগ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ পরিকাঠামো ঘুরে দেখেন।
এদিনের পরিদর্শনে উপস্থিত ছিলেন এনকোয়াস টিমের সদস্য সুনীত শ্রীবাস্তব, রেনুকা শিন্ডে ও অঙ্কিতা নাথ। এছাড়াও উপস্থিত ছিলেন দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত, শান্তিরবাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রমোদ রিয়াং, শান্তিরবাজার পুরপরিষদের চেয়ারম্যান স্বপ্না বৈদ্য, ভাইস চেয়ারম্যান সত্যব্রত সাহা, শান্তিরবাজার জেলা হাসপাতালের ভারপ্রাপ্ত মেডিক্যাল অফিসার ডা. লুফাং মগ এবং দক্ষিণ জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা. জে. এম. দাস।
এনকোয়াস প্রতিনিধিদলের এই সফরকে ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। হাসপাতালটি জাতীয় মান্যতা অর্জনের মাধ্যমে আরও উন্নত স্বাস্থ্য পরিষেবা প্রদান করবে বলে আশাবাদী এলাকার মানুষ। স্থানীয়দের মতে, এই মূল্যায়ন সফল হলে শান্তিরবাজার জেলা হাসপাতালের পরিকাঠামো ও চিকিৎসা ব্যবস্থার আরও উন্নয়ন ঘটবে এবং জেলার সাধারণ মানুষ তার সুফল পাবেন।
