রাতের আঁধারে কেটে ফেলা হল তিন কানি আম বাগান, ক্ষতি প্রায় ৬ লক্ষ টাকা

সুব্রত দাস, গন্ডাছড়া, ০১ জুন || গন্ডাছড়া মহকুমার পঞ্চরতন এডিসি ভিলেজের রানীপুকুর সূর্যকান্ত পাড়ায় এক চাঞ্চল্যকর ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ, গভীর রাতে এক ব্যক্তির প্রায় তিন কানি জমিজুড়ে থাকা আম বাগান কেটে সম্পূর্ণভাবে নষ্ট করে দেওয়া হয়েছে। ঘটনায় বাগান মালিকের প্রায় ৬ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে।
অভিযোগ অনুযায়ী, বাগান মালিক প্রিয়তোষ বৈস্য দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রজাতির মূল্যবান আম গাছ পরিচর্যা করে আসছিলেন। গত বৃহস্পতিবার গভীর রাতে এলাকারই অতিন্দ্র রায় নামে এক ব্যক্তি ধারালো অস্ত্র ব্যবহার করে একের পর এক আম গাছ কেটে ফেলেন বলে অভিযোগ উঠেছে। অভিযুক্তের পিতা অনিল রায় বলে জানিয়েছেন বাগান মালিক।
শুক্রবার সকালে বিষয়টি নজরে আসতেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। বাগানের অধিকাংশ গাছ কেটে ফেলা হয়েছে দেখে হতবাক হয়ে পড়েন প্রিয়তোষ বৈস্য ও তাঁর পরিবারের সদস্যরা। তিনি জানান, বহু বছরের পরিশ্রমে গড়ে তোলা বাগান মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে গেছে। এতে তাঁর আনুমানিক ৬ লক্ষ টাকার আর্থিক ক্ষতি হয়েছে। ঘটনার পর তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন বলেও জানান।
ঘটনার খবর পেয়ে গন্ডাছড়া থানার এসআই কাজল দেবনাথের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। ইতিমধ্যে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এবং পুলিশ ঘটনার বিভিন্ন দিক খতিয়ে দেখছে।
এদিকে, এই ঘটনাকে ঘিরে এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। দোষীদের দ্রুত গ্রেফতার করে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*