নারিকেল কুঞ্জে বিদ্যুৎ ও নেটওয়ার্ক সংকটে পর্যটকদের ক্ষোভ, সমাধান না হলে আন্দোলনের হুঁশিয়ারি

সুব্রত দাস, গন্ডাছড়া, ০১ জুন || ধলাই জেলার অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র নারিকেল কুঞ্জে দীর্ঘদিন ধরে চলা বিদ্যুৎ বিভ্রাট, দুর্বল মোবাইল নেটওয়ার্ক পরিষেবা এবং অন্যান্য পরিকাঠামোগত সমস্যাকে কেন্দ্র করে পর্যটক ও স্থানীয়দের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। পরিস্থিতির দ্রুত সমাধান না হলে বৃহত্তর আন্দোলনের পথে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় হোমস্টে সোসাইটি ও এলাকাবাসীরা।
সম্প্রতি নারিকেল কুঞ্জ পর্যটন এলাকায় স্থানীয় হোমস্টে সোসাইটি ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। সভায় দীর্ঘদিন ধরে চলে আসা বিভিন্ন সমস্যার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর কাছে দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, পর্যটন এলাকাটিতে কয়েক বছর ধরেই বিদ্যুৎ সংযোগে ঘনঘন বিঘ্ন ঘটছে। এর ফলে হোমস্টে পরিচালনায় ব্যাপক সমস্যার সম্মুখীন হচ্ছেন উদ্যোক্তারা। বিদ্যুৎ বিভ্রাটের কারণে পর্যটকদেরও নানা ধরনের ভোগান্তির শিকার হতে হচ্ছে, যা পর্যটন ব্যবসার উপর নেতিবাচক প্রভাব ফেলছে।
অন্যদিকে, এলাকায় মোবাইল নেটওয়ার্ক পরিষেবার মান অত্যন্ত নিম্নমানের হওয়ায় পর্যটকরা যোগাযোগ রক্ষায় চরম সমস্যার মুখে পড়ছেন। জরুরি প্রয়োজনে ফোন বা ইন্টারনেট ব্যবহার করতে না পারায় অসন্তোষ বাড়ছে পর্যটকদের মধ্যে। এছাড়াও সড়ক, যোগাযোগ ব্যবস্থা ও অন্যান্য মৌলিক পরিকাঠামোগত উন্নয়নের প্রয়োজনীয়তার কথাও সভায় তুলে ধরা হয়।
সভায় উপস্থিত প্রতিনিধিরা বলেন, পর্যটন শিল্পের বিকাশের স্বার্থে দ্রুত সমস্যাগুলোর সমাধান অত্যন্ত জরুরি। নির্দিষ্ট সময়সীমার মধ্যে প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরগুলি কার্যকর পদক্ষেপ না নিলে আন্দোলনের কর্মসূচি গ্রহণ করা হবে।
উল্লেখ্য, ডম্বুর জলাধার সংলগ্ন মনোরম প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা নারিকেল কুঞ্জ ধলাই জেলার অন্যতম আকর্ষণীয় পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত। প্রতি বছর বিপুল সংখ্যক দেশি-বিদেশি পর্যটক এই এলাকায় ভ্রমণে আসেন। তবে দীর্ঘদিনের পরিকাঠামোগত সমস্যার সমাধান না হলে পর্যটন শিল্পের ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয়রা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*