ই-বাজেটে নতুন দিগন্ত, ৯৭৫.৯১ কোটি টাকার বাজেট পেশ করল আগরতলা পুর নিগম, নতুন কর নয়, অবকাঠামো উন্নয়ন ও নাগরিক পরিষেবায় জোর

আপডেট প্রতিনিধি, আগরতলা, ০১ জুন || ২০২৬-২৭ অর্থবর্ষের জন্য ৯৭৫ কোটি ৯১ লক্ষ টাকার পূর্ণাঙ্গ বাজেট পেশ করেছে আগরতলা পুর নিগম। এই বাজেটে ৯৭ লক্ষ ৬৭ হাজার টাকার ঘাটতি ধরা হলেও নতুন কোনও কর আরোপের প্রস্তাব রাখা হয়নি বলে জানিয়েছেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার।
সোমবার আগরতলা পুর নিগমের কনফারেন্স হলে আয়োজিত বাজেট সভায় মেয়র দীপক মজুমদার বাজেট পেশ করেন। তিনি জানান, শহরবাসীর সার্বিক উন্নয়ন, নাগরিক পরিষেবার মানোন্নয়ন এবং আধুনিক অবকাঠামো গড়ে তোলার লক্ষ্যকে সামনে রেখেই এবারের বাজেট প্রণয়ন করা হয়েছে।
মেয়র জানান, পুর নিগমের ইতিহাসে এই প্রথমবারের মতো ই-বাজেট পেশ করা হয়েছে। রাজস্ব খাতে উদ্বৃত্ত থাকলেও মূলধনী খাতে অধিক ব্যয়ের কারণে সামগ্রিকভাবে ৯৭ লক্ষ ৬৭ হাজার টাকার ঘাটতি দেখা দিয়েছে। তবে এই ঘাটতি উন্নয়নমূলক প্রকল্পগুলির বাস্তবায়নে কোনও প্রভাব ফেলবে না বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বাজেটের অন্যতম উল্লেখযোগ্য দিক হলো অবকাঠামো উন্নয়ন খাতে মূলধনী ব্যয়ের পরিমাণ বৃদ্ধি। পাশাপাশি অর্থায়নের নতুন উৎস হিসেবে ১০০ কোটি টাকার মিউনিসিপ্যাল বন্ড চালুর প্রস্তাব রাখা হয়েছে। এছাড়া কেন্দ্রীয় সহায়তাপ্রাপ্ত ও বহিঃসহায়তাপ্রাপ্ত প্রকল্পগুলির ধারাবাহিক বাস্তবায়নের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে।
নিজস্ব রাজস্ব আয় বৃদ্ধির লক্ষ্যে কর ও অন্যান্য নির্ধারিত রাজস্ব উৎসকে আরও শক্তিশালী করার পরিকল্পনাও বাজেটে অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে নাগরিকদের ওপর নতুন কোনও করের বোঝা চাপানো হচ্ছে না বলে স্পষ্ট করেন মেয়র।
দীপক মজুমদার বলেন, “২০২৬-২৭ অর্থবর্ষের এই বাজেট একটি ভারসাম্যপূর্ণ ও দূরদর্শী আর্থিক কৌশলের প্রতিফলন। টেকসই নগর উন্নয়ন, আধুনিক অবকাঠামো নির্মাণ এবং নাগরিক পরিষেবার সম্প্রসারণকে কেন্দ্র করেই বাজেটটি প্রস্তুত করা হয়েছে।”
তিনি আশা প্রকাশ করেন, প্রত্যাশিত রাজস্ব উদ্বৃত্ত ভবিষ্যতে নগর উন্নয়ন ও জনকল্যাণমূলক প্রকল্প বাস্তবায়নে সহায়ক ভূমিকা পালন করবে এবং আগরতলাকে আরও আধুনিক ও বাসযোগ্য শহরে পরিণত করতে এই বাজেট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*