বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১১ জুন || জোলাইবাড়ী সামাজিক স্বাস্থ্যকেন্দ্র সংলগ্ন জাতীয় সড়কে বাইক ও সাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই ব্যক্তি আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল আনুমানিক ৯টা ১০ মিনিট নাগাদ এই দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, টি আর-০৮-এফ-৭২৬৮ নম্বরের একটি মোটরসাইকেল জাতীয় সড়ক দিয়ে যাওয়ার সময় একটি সাইকেলকে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষের ফলে মোটরসাইকেল চালক ও সাইকেল আরোহী দু’জনই সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
দুর্ঘটনার খবর পেয়ে জোলাইবাড়ী দমকল বাহিনীর কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে জোলাইবাড়ী সামাজিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। পরে আহতদের মাথায় আঘাতজনিত কারণে সিটি স্ক্যানসহ উন্নত চিকিৎসার প্রয়োজন হওয়ায় শান্তিরবাজার জেলা হাসপাতালে রেফার করা হয়।
আহতদের মধ্যে মোটরসাইকেল চালক দেবদারু এলাকার বাসিন্দা অনুপম দেবনাথ (২৩) এবং সাইকেল আরোহী পশ্চিম জোলাইবাড়ীর বাসিন্দা রতন দত্ত (৭৫) বলে জানা গেছে।
দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে জোলাইবাড়ী ফাঁড়ি থানার পুলিশ। স্থানীয়দের মতে, জাতীয় সড়কে যানবাহনের অতিরিক্ত গতি ও অসাবধানতাই এ ধরনের দুর্ঘটনার অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে।
